ছাড়া পেয়ে বন্ধুর বাসায় আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের কেন্টের কারাগার থেকে ছাড়া পেয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ, তবে এখনই দেশে ফিরছেন না। আইসিসির নিষেধাজ্ঞা থাকায় সহসা খেলায়ও ফেরা হচ্ছে না তাঁর। আপাতত লন্ডনে বন্ধু মোহাম্মদ হারুনের বাসায় আছেন তিনি।পাকিস্তানের পত্রিকা অবজারভারের খবরে বলা হয়েছে, হারুন ও আসিফ দুজনের জন্মই পাঞ্জাবে। হারুন কেবল আসিফের বন্ধুই নন, একসময় তাঁর কোচও ছিলেন। লন্ডন থেকে টেলিফোনে অবজারভারকে হারুন জানান, আসিফকে বাসায় রাখতে কোনো সমস্যা নেই তাঁর।হারুন বলেন, ‘ইংল্যান্ডে থাকার ভিসা পেয়েছেন আসিফ। এটি তাঁকে আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে সহায়তা করবে। আসিফকে আমি ছোটবেলা থেকেই চিনি। আমি কখনোই বিশ্বাস করি না, ও এমন কাজ করতে পারে।’গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে নভেম্বরে মোহাম্মদ আসিফকে এক বছর, সালমান বাটকে আড়াই বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ভালো ব্যবহার করায় অর্ধেক সাজা খেটে গত মার্চে দেশে ফেরেন আমির। একই কারণে অর্ধেক শাস্তি শেষে গতকাল আসিফ মুক্তি পেলেন। মুক্তি পেলেও ক্রিকেটের বাইরেই অবশ্য থাকতে হচ্ছে আসিফকে, যেমনটা থাকছেন আমির। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় সালমান বাটকে ১০, মোহাম্মদ আসিফকে সাত ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আসিফের মুক্তির আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘আসিফ যখনই মুক্তি পান, তাঁর ওপর আইসিসির নিষেধাজ্ঞা বজায় থাকবে। পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত কোনো কিছুতেই তাঁকে অংশ নিতে দেওয়া হবে না।’