ছায়াসঙ্গী ইনজুরি... তবুও স্বপ্ন
জোয়াকিম লো তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন কি না, কে জানে। করলে আফ্রিকান ওঝা ডেকে নিয়ে একটা ঝাড়ফুঁকের ব্যবস্থা তিনি নিশ্চয়ই রাখবেন। তাঁর দলটার পিছে যে অপয়া ভূত তাড়া করছে। একের পর এক খেলোয়াড় পড়ছেন ইনজুরিতে! একটা ‘উপকার’ও অবশ্য হয়েছে। ২৭ জনের প্রাথমিক তালিকাটা ২৩ জনের চূড়ান্ত দলে বেছে নিয়ে আসতে খুব বেশি কষ্ট করতে হয়নি। কারণ প্রাথমিক দলের তিন খেলোয়াড় এমনিতেই বাদ পড়ে গেছেন চোটের কারণে! পুরো ফিট থেকেও বাদ পড়েছেন কেবল আন্দ্রেস বেক।গত কিছুদিনে এক-দুজন নয়, চোট পাওয়া জার্মান খেলোয়াড়ের সংখ্যা গিয়ে ঠেকেছে পাঁচে! জার্মানির বিশ্বকাপ-স্বপ্নের বেলুনে এখন একটা নয়, দুটো নয়, পাঁচ-পাঁচটি কাঁটা! সেই পাঁচের মিছিলে যখন নিয়মিত অধিনায়ক মাইকেল বালাকও আছেন, তখন স্বপ্নের বেলুনটা চুপসে যাওয়াটাই স্বাভাবিক।তবে বালাকের বদলে অধিনায়কের বাহুবন্ধনী হাতে তুলে নেওয়ার পর অধিনায়কোচিত ভঙ্গিতেই নতুন অধিনায়ক ফিলিপ লাম বলছেন, হতাশ হওয়ার কিছু নেই। যে রসদ আছে, সেটা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে যুদ্ধে। তবে বাস্তববাদী লাম আপাতত শিরোপার স্বপ্নের কথা বলে ভার চাপিয়ে দিতে চান না সতীর্থদের ওপর। জার্মানির লক্ষ্য হিসেবে তিনি পাখির চোখ করেছেন সেমিফাইনালকেই।‘আমাদের নিশ্চিত করতে হবে ইনজুরির প্রভাব যেন দলের ওপর না পড়ে। আপাতত আমাদের বড় লক্ষ্য সেমিফাইনাল। তবে সবার আগে আপনাকে গ্রুপ পর্ব পেরোতে হবে। হ্যাঁ, আমরা সেমিফাইনালে যেতে চাই। কিন্তু আমাদের স্বপ্নটা আরও বড়’—লাম শিরোপার কথাই বলছেন।বিশ্বকাপে জার্মানির গ্রুপে পড়েছে ঘানা, সার্বিয়া ও অস্ট্রেলিয়া। আপাতত দুটি বিষয় নিয়ে জার্মানি সতর্ক—গ্রুপ পর্বে অঘটনের শিকার না হওয়া এবং নতুন করে অনাকাঙ্ক্ষিত চোটে না পড়া! লোর ল্যাপটপে ‘ইনজুরি’ নিয়ে আলাদা কোনো ফাইল থাকলেও তাতে বিস্ময়ের কিছু থাকবে না। শুরুটা হয়েছিল রেনে এডলারকে দিয়ে। রবার্ট এনকের আত্মহত্যার পর গোলরক্ষক-সংকটে ভুগতে থাকা জার্মানির সমস্যা ঘনীভূত হয় অ্যাডলারের ইনজুরিতে। এর পর মিডফিল্ডার সাইমন রোলফস, অধিনায়ক বালাক, ক্রিস্টিয়ান ট্রেসেক...সংখ্যাটি পাঁচে নিয়ে যান হেইকো ওয়েস্টারমান।কপাল কত খারাপ চিন্তা করে দেখুন, ওয়েস্টারমান চোট পেয়েছেন গত শনিবার হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে অতিরিক্ত সময়ে। তিতিবিরক্ত জোয়াকিম লো জানিয়ে দিয়েছেন, আবারও নতুন কেউ চোট পেলে নতুন করে বদলি খেলোয়াড় তিনি নেবেন না। কিন্তু এই ইনজুরির কারণে মাঝমাঠের খেলোয়াড়দের এমনিতেই রদবদল করে নতুনভাবে সাজাতে হবে তাঁকে। হয়তো অধিনায়ক লামকে রাইটব্যাক ছেড়ে ভূমিকা নিতে হতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডারের। এতে নিজের অস্বস্তির কথা খোলাখুলিই বলে দিয়েছেন বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার, ‘একজন খেলোয়াড়কে তার নির্দিষ্ট পজিশনেই খেলানো হলে তার জন্য কাজটা সহজ হয়ে যায়। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজেকে তো আমি কল্পনাও করতে পারছি না। ছয় বছরে মাত্র একবার ওই পজিশনে আমি খেলেছি।’ ওয়েবসাইট।তবে বড় প্রয়োজন সামনে এলে ছোট প্রয়োজন বিসর্জন দিতে হয়। স্বপ্নটা যখন শিরোপা জয়ের, লাম নিশ্চয়ই ছাড় দেবেন।