বিশ্বকাপে নিজেকে তুলে ধরতে চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন খেলোয়াড়েরা৷ এ মঞ্চে সুযোগ না পাওয়া তাই অনন্ত এক আফসোসই যেকোনো খেলোয়াড়ের কাছে৷ কারণটা যদি হয় চোট, আফসোসটা দীর্ঘশ্বাস হয়েই ঝরে৷ এ তালিকায় গত পরশু যোগ হলেন ইতালির রিকার্ডো মন্তোলিভো। চোটের ছোবল চলছিল অারও আগে থেকেই, বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া খেলোয়াড়ের মিছিলটা তাই লম্বাই৷
রিকার্ডো মন্তোলিভো
পিরলোর পাশাপাশি ইতালির মাঝমাঠের অন্যতম ভরসা। জার্মানির হয়েও খেলতে পারতেন, তবে বেছে নিয়েছেন ইতালিকেই। ২০০৭ সালে অভিষেকের পর ৫৮ ম্যাচে গোল করেছেন দুটি। পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোট শেষ করে দিয়েছে তাঁর বিশ্বকাপ-স্বপ্ন৷

থিও ওয়ালকট
চোটের সঙ্গে অনেক দিন ধরেই সখ্য আর্সেনাল উইঙ্গারের। এই মৌসুমে সেই সখ্য একটু বেশিই ছিল। ইংল্যান্ডের উইংয়ে রয় হজসনের অন্যতম পছন্দ ছিলেন। কিন্তু জানুয়ারিতে টটেনহামের সঙ্গে ম্যাচে গুরুতর চোট পান বাঁ হাঁটুতে। তখনই নিশ্চিত হয়ে যায়, বিশ্বকাপে খেলতে পারছেন না ওয়ালকট৷

ভিক্টর ভালদেস
ইকার ক্যাসিয়াসের জন্য হয়তো বেঞ্চেই বসে থাকতে হতো তাঁকে। তার পরও বিশ্বকাপে থাকতে না-পারা ভিক্টর ভালদেসের জন্য হতাশাই। মার্চে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে লিগামেন্টে চোট পেয়েছিলেন। সেটাই নিশ্চিত করে দিয়েছে, স্পেনের ব্রাজিলগামী বিমানে থাকছেন না বার্সেলোনার অভিজ্ঞ গোলরক্ষক।

থিয়াগো আলকানতারা
বাবা মাজিনহো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ১৯৯৪ সালে। ছেলে থিয়াগো আলকানতারা বেছে নিয়েছেন স্পেনকে। কিন্তু বিশ্বকাপ স্বপ্নপূরণে আরও চার বছর অপেক্ষা করতে হবে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারকে। দেল বস্কের ৩০ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন৷ ওই দল ঘোষণার দুই দিন পরেই লিগামেন্ট চোট শেষ করে দেয় আলকানতারার বিশ্বকাপ-আশা৷

ইলকায় গুন্দোয়ান
জার্মানির সোনালি প্রজন্মের আরেক সম্ভাবনাময় মুখ। তবে বিশ্বকাপে তাঁর না-থাকা বলতে গেলে অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। চোটের কারণে এই মৌসুমে খেলতেই পারেননি বরুসিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার।

রাফায়েল ফন ডার ভার্ট
হল্যান্ডের জন্য বিরাট ধাক্কা হয়ে এসেছে তাঁর চোট। অনভিজ্ঞ ডাচ মধ্যমাঠে স্নাইডারের পাশাপাশি ফন ডার ভার্ট ছিলেন বড় ভরসা। কিন্তু কয়েক দিন আগে পায়ের পেশির চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে হামবুর্গের ৩১ বছর বয়সী মিডফিল্ডারকে।
আরও অনেকের বিশ্বকাপ-স্বপ্নে বড় ঘাতক হয়ে উঠেছে চোট। দারুণ ফর্মে থাকা রোমার ডাচ মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যানের নামটা থাকছে ওপরের দিকেই৷ চোটের কারণে ডাচ বিশ্বকাপ দলে জায়গা পাননি ডিফেন্ডার ফন ডার ভিলও। ইংল্যান্ডের অ্যান্ড্রোস টাউনসেন্ড ও কাইল ওয়াকারের কপাল পুড়েছে চোট নামের ‘শত্রু’র কারণে। তবে হুমকি দিলেও চোট এখনো বিশ্বকাপ থেকে কেড়ে নিতে পারেনি রাদামেল ফ্যালকাও ও লুইস সুয়ারেজকে। এই দুজনের আশা এখনো আছে৷