ছিটকে গেলেন নেইমার
মেসির এমন গোল, দুই লেগ মিলিয়ে বার্সেলোনার বিশাল জয়। কিন্তু ম্যাচ শেষে উদ্যাপনটা মানানসই হলো না। কী করে হবে, চোটের কারণে নেইমারের দল থেকে ছিটকে যাওয়ার খবর যে ততক্ষণে পেয়ে গেছেন বার্সেলোনা ফুটবলাররা।
গত নভেম্বরে মেসি চোটে পড়ার পর এই প্রথম ম্যাচের শুরু থেকেই দুই ‘সুপারস্টার’ একসঙ্গে। কিন্তু মিনিট পঁচিশের বেশি স্থায়ী হলো না জুটি। টাচলাইনের কাছাকাছি আচমকা অ্যাঙ্কেল মচকালে তাঁকে ধরে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। শুরুতে মনে হয়েছিল হয়তো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে নেইমারকে। তবে বার্সা সমর্থকদের কিছুটা আশ্বস্ত করেছেন কোচ জেরার্ডো মার্টিনো, ‘টেলিভিশনে যতটা খারাপ মনে হয়েছে চোটটা আমার মনে হয় না ততটা খারাপ। হয়তো সে কিছুদিন মাঠের বাইরে থাকবে, তবে আমার মনে হয় না চোট খুব গুরুতর। চিকিৎসকেরাই বলবেন সে কত দিন খেলতে পারবে না, তবে আমার মনে হয় সময়টা খুব লম্বা হবে না।’
পরে জানা গেছে মার্টিনোর ধারণা ভুল। বার্সেলোনা কাল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অন্তত তিন-চার সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে নেইমারকে। আগামী মাসে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগেও হয়তো খেলা হবে না। এএফপি।