ছিটকে গেলেন নেইমার-আলবা
দুঃসময় এলে চারপাশ থেকেই আসে। তেমন একটা দুঃসময়ের বলয় যেন ঘিরে ধরেছে বার্সেলোনাকে। কোপা ডেল রের শিরোপা মেলেনি, চ্যাম্পিয়নস লিগ চ্যালেঞ্জ তো শেষ আরও আগেই। শুধু লা লিগার শিরোপার সম্ভাবনাই এখনো বেঁচে আছে। এবার সেখানেও একটা বড় ধাক্কা। চোটের কারণে মাস খানেকের জন্য ছিটকে গেলেন বার্সেলোনা স্ট্রাইকার নেইমার ও লেফট ব্যাক জর্ডি আলবা। লিগে বার্সেলোনার বাকি পাঁচ ম্যাচের কোনোটিতেই হয়তো খেলতে পারবেন না তাঁরা দুজন।
মাংসপেশির সমস্যার কারণে কোপা ডেল রে ফাইনালের দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি আলবা। ম্যাচের শেষ দিকে যে শটে বল পোস্টে লাগান নেইমার, তাতেই বাঁ পায়ের পাতায় চোট পান। ম্যাচ শেষে জানা গেছে, দুজনের চোটই বেশ বাজে। সেরে ওঠার জন্য মাস খানেক সময় লাগবে।
চোট নিয়েই কোপা ডেল রের ফাইনালে খেলেছেন ডিফেন্ডার মার্ক বার্ত্রা। তবে সেটি বড় কিছু নয় বলে তাঁকে নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই বার্সেলোনার। কাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও হয়তো খেলবেন বার্ত্রা। কিন্তু নেইমারের না থাকাটা নিঃসন্দেহে ধার কমিয়ে দেবে বার্সা আক্রমণভাগের। বিশেষ করে মেসির নিষপ্রভ এই সময়টায় তো অবশ্যই। ওয়েবসাইট।
নেইমার নেই, মেসি থেকেও নেই—প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাওয়ের জন্য এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে! তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সামর্থ্য জানা আছে বলেই এটিকে কোনো বাড়তি সুবিধা বলে মানতে রাজি নন বিলবাও কোচ আরনেস্তো ভালভার্দে, ‘ও হয়তো তার আগের ফর্মে নেই। কিন্তু ও-ই পারে যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে।’ গত কয়েকটা ম্যাচ সেরা ছন্দে না থাকায় মেসির যে সমালোচনা হচ্ছে, সেটাও অযৌক্তিক মনে করেন তিনি, ‘প্রতিবারই তাকে কেন দলের ত্রাণকর্তা হতে হবে! এটা খুবই কঠিন কাজ, কারণ মাঠে ওকেই সবচেয়ে কড়া পাহারায় রাখা হয়।’