ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন শেষের তৃপ্তি। আর নির্ভার হয়ে হোটেলে ফেরার আনন্দ। কিন্তু সেই তৃপ্তি, সেই আনন্দ মুহূর্তেই উধাও দুই ব্রিটিশ সেইলর হানা মিলস এবং সাসকিয়া ক্লার্কের। গত বৃহস্পতিবারের ঘটনা। লন্ডন অলিম্পিকের রুপাজয়ী দুই সেইলর অনুশীলন শেষে রিও ডি জেনিরোর সেইলিং ক্লাব থেকে ফিরছিলেন হোটেলে। পথে দুই ব্যক্তি ছুরি হাতে তাঁদের সামনে এসে দাঁড়ান। সবকিছু কেড়ে নিয়ে মুহূর্তেই চম্পট। ২০১৬ রিও ডি অলিম্পিক সামনে রেখে প্রস্তুতি গ্রহণরত দুই ক্রীড়াবিদ হোটেলে ফিরে ফেসবুকে লিখেছেন, ‘আমরা কিছুটা ঘাবড়ে গেলেও হোটেলে ফিরতে পেরেছি। আমরা ভালো আছি।’ চুরি-ছিনতাই ব্রাজিলের বড় শহরগুলোয় নৈমিত্তিক ব্যাপার। তবে গত ফিফা বিশ্বকাপের সময় বিদেশি পর্যটকেরা এর শিকার হতে পারেন বলে যে আশঙ্কা করা হয়েছিল, তা অবশ্য হয়নি। এই স্বস্তি কি আগামী অলিম্পিক শেষেও থাকবে রিও পুলিশের! রয়টার্স।