ছিয়াশির ম্যারাডোনার মতই খেলছেন মেসি

ভাবুন তো, আজ থেকে অনেক বছর পরের কোনো এক সন্ধ্যা। বৃদ্ধ ডি মারিয়া নাশতা শেষে নাতি-নাতনিদের সঙ্গে বসেছেন ঘরের বারান্দায়। নিজের গৌরবময় খেলোয়াড়ি জীবনের গল্প করতে করতে তাদের গর্বভরা কণ্ঠে বলছেন, ‘আমি কোনো এক বিশ্বকাপে কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে খেলেছিলাম।’ শিশুরা দাদুর দিকে তাকিয়ে আছে পরম বিস্ময়ে, সত্যি কি তাদের দাদু লিওনেল মেসির সঙ্গে কাঁধ মিলিয়ে খেলেছে একসময়! কি গর্বের কথা!
ফিফা ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে মেসির সঙ্গে খেলা নিয়ে তাঁর অনুভূতি অনেকটা এভাবেই জানিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। মেসিকে ছিয়াশির ম্যারাডোনার সঙ্গে তুলনা করেছেন। মেসির জন্ম আর্জেন্টিনায় হওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করছেন তিনি, ‘ছিয়াশিতে যাঁরা ম্যারাডোনার সঙ্গে খেলেছেন আর আমরা যাঁরা এখন মেসির সঙ্গে একই দলে খেলছি তাঁরা সবাই ভাগ্যবান।’
প্রথম দুম্যাচে মেসির পারফরম্যান্সকে তাঁর সতীর্থ মূল্যায়ন করেছেন, ‘মেসি এই মুহূর্তে দলকে ঠিক তেমনভাবেই টেনে নিয়ে যাচ্ছেন, যেভাবে ম্যারাডোনা শিরোপার পথে টেনে নিয়েছিলেন ছিয়াশির বিশ্বকাপে।"
ম্যারাডোনার কাছ থেকে ছিয়াশি বিশ্বকাপের আর্জেন্টিনা দল যেমন সেরাটা বের করে নিতে পেরেছিল, নিজেদের কাছ থেকেও ঠিক তেমনটা প্রত্যাশা ডি মারিয়ার, ‘এটা সত্যি যে এই দলে ২৮ বছর আগে শিরোপা জেতা সেই দলের চেয়ে দক্ষ ও বড় নামের ফুটবলাররা আছে। মাঠে তারা মেসিকে যথেষ্ট সমর্থন দিতে পারে কি না, তাঁর ওপরই নির্ভর করবে সাফল্য। মেসি যেন চাপ না নিয়ে নিজের মতো খেলতে পারে, সে জন্য মাঠে আমাদের কাজটা ঠিকঠাক করে যেতে হবে।’
প্রথম দু ম্যাচে নিষ্প্রভ আর্জেন্টিনা দলে একাই জ্বলে উঠেছিলেন প্রাণভোমরা লিওনেল মেসি। ডি মারিয়ার কথামতো পুরো দল যদি জেগে উঠতে পারে, তাহলে ছিয়াশি আবারও ফিরিয়ে আনা খুব কঠিন কিছু হবে না আর্জেন্টাইন ফুটবল জাদুকরের জন্য।