ছিলেন রাস্তার হকার, গড়লেন অলিম্পিক ইতিহাস

‘স্যার, একটা আইসক্রিম নেবেন?’
গাড়ির গ্লাসে টোকা দিয়ে এক হকারের প্রশ্ন। গরম ও জ্যামে ত্যক্ত-বিরক্ত চালক উটকো এই যন্ত্রণায় ঝাঁজালো গলায় ঝাড়ি মারতে গিয়েও থেমে গেলেন। কে জানে এই ছেলেও তো কদিন পর হয়ে উঠতে পারে একজন ‘রবসন কনসেইকাও’!
কাল ব্রাজিলের ইতিহাসে বক্সিংয়ের প্রথম সোনা এনে দিয়েছেন কনসেইকাও। সেই কনসেইকাও, যাঁর ছোটবেলাটা কেটেছে ব্রাজিলিয়ান শহর সালভাদরের রাস্তায় রাস্তায়। একের পর এক গাড়ির জানালায় টোকা দিয়ে চালকদের কখনো সেধেছেন আইসক্রিম, কখনো–বা মৌসুমি সবজি। কখনো–বা কোনো চালকের মন গলেছে, হাসিমুখেই পরের চালকের কাছে আবারও আবদার জানিয়েছেন, কখনো আবার ধমক খেয়ে মুখ কালো করে ফিরে গেছেন।
সেসব দুঃসহ স্মৃতি কাল ধুয়েমুছে গেছে কনসেইকাওর মন থেকে। শুধু তিনি আছেন বলেই তো প্রথমবারের মতো কানায় কানায় ভরে উঠল রিওর বক্সিং রিং। লাইট ওয়েটের ফাইনাল দেখতেই চলে এলেন সবাই। বক্সিংয়ের কোর্ট যেন হয়ে উঠল ফুটবলের মাঠ। ‘ব্রাজিল’ ‘ব্রাজিল’ ধ্বনিতে কেঁপে উঠল পুরো চত্বর। কনসেইকাওর উল্টো দিকে থাকা ফ্রেঞ্চ সোফিয়েন ওমিহার উদ্দেশে হুংকার ছাড়া হলো, ‘তুমি মরতে যাচ্ছ!’ এমন বুনো সমর্থন বৃথা যায়নি। ওমিহাকে হারিয়ে ব্রাজিলকে বক্সিংয়ের প্রথম সোনা এনে দিয়েছেন কনসেইকাও।
‘আমি একজন অলিম্পিক চ্যাম্পিয়ন। আমার জীবনটাই পাল্টে গেল আজ থেকে। আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’ কনসেইকাও কথাটি না বললেও চলত। দেশের হয়ে প্রথম অলিম্পিক সোনা জেতার মুহূর্তটি যে অনন্য, সেটি আসলে আলাদা করে না বললেও চলে। ২৭ বছর বয়সী এই লাইটওয়েট বক্সার নিজের এমন গৌরবের পেছনে নিজের দুই বছরের মেয়ের অবদানই দেখছেন, ‘আমি ওকে বলব, তুমিই আমার সবচেয়ে অনুপ্রেরণা এবং তাকে আমি সবচেয়ে বড় উপহারটিই দিতে চেয়েছিলাম।’
এমন দিনেও নিজের অতীতের কথা ভোলেননি কনসেইকাও, ‘আমি অনেক কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি, তাই এ পদক শুধু আমার সাফল্য নয়, বরং আমার পরিবারের এবং যাঁরা আমাকে এ পথে এগোতে সাহায্য করেছে, আমাকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দিয়েছে।’ এ বন্ধুর পথে কনসেইকাওর নিজের অবদানও কম নয়। বক্সিংয়ের অনুশীলনের জন্য চোট পাওয়ার ভান করে হাসপাতালে যেতেন। হাতে বাঁধা ব্যান্ডেজ খুলে, সেটিতে কবজি মুড়ে বাউটে নামতেন তিনি।
সেসব দিন পেরিয়ে এসেছেন তিনি। অলিম্পিকের মতো মহাযজ্ঞে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ইতিহাস গড়ে জিতেছেন অলিম্পিকের সোনা! জীবনের গল্প মাঝে মাঝে রূপকথাকেও হারিয়ে দেয়। সূত্র: এএফপি।