ছিলেন শুধু আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলেছেন ২২ জন, ড্রেসিংরুমে দুই দল মিলিয়ে ছিলেন আরও আটজন। ৩০ জন ক্রিকেটারের মধ্যে একটা জায়গায় শহীদ আফ্রিদি ছিলেন আলাদা। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তান হারতে পারে, এটা স্রেফ জানা আছে তাঁরই। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো বাংলাদেশ দলের কেউ এখন আর ক্রিকেটে নেই। পাকিস্তান দলের আছেন কেবল আফ্রিদিই।কাল আরেকবার সেই স্বাদ পাওয়ার কাছাকাছি চলে গিয়েছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু তিনি যে বড় ম্যাচের বড় খেলোয়াড়! নিজে বাঁচলেন, পরশু সতীর্থদেরও সেই তেতো স্বাদ পেতে দিলেন না। আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের জয়ের নায়ক তো তিনিই, ম্যান অব দ্য ফাইনাল!১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনের ওই ম্যাচে ২ রান করেছিলেন আফ্রিদি, বোলিংয়ে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আমিনুল ইসলামের উইকেট। কাল ২২ বলে ৩২ রান, আর ১০ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট। আফ্রিদি সত্যিই ‘ম্যান অব দ্য ফাইনাল’ কি না, এ নিয়ে তর্ক হতে পারে। শেষের দিকে দারুণ গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ (অপরাজিত ৪৬) কিংবা ঠান্ডা বোলিংয়ে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে পার্থক্য গড়ে দেওয়া আইজাজ চিমার (৩/৪৬) পক্ষেও আছে হাজারো যুক্তি। তবে আহামরি কিছু না হলেও আফ্রিদির পারফরম্যান্সও ছিল যথেষ্টই কার্যকরী। চাপের মাঝে নেমে ম্যাচের গতি পাল্টে দেওয়া ২২ বলে ৩২ রানের ইনিংস, আর কিপটে বোলিংয়ের সঙ্গে ইনিংসের প্রথম ব্রেক থ্রু। ক্রিকেট খেলাটাই এমন যে প্রতিটি ব্যাপারই দেখা যায় নানা দৃষ্টিকোণ থেকে। ম্যাচসেরা বিতর্কে না গিয়ে তাই এটাও বলা যায়, যথারীতি আফ্রিদি টুর্নামেন্টে নিজের সেরাটা দিয়েছেন সবচেয়ে প্রয়োজনের সময়ই!ম্যাচসেরা হয়ে দারুণ এক কীর্তি অবশ্য গড়া হয়েছে আফ্রিদির। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা এখন তিনিই (২৯), ছাড়িয়ে গেছেন উদ্বোধনী জুটির সাবেক সঙ্গী সাঈদ আনোয়ারকে (২৮)। আর এই পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা হারের বিশ্ব রেকর্ড আরেক ধাপ এগিয়ে হলো ২৪। আফ্রিদিকে প্রায় ভুলে যাওয়া আর তাঁর সতীর্থদের অচেনা ওই পরাজয়ের বিস্বাদ উপহার দেওয়ার সুযোগ আবার কবে পাবে বাংলাদেশ!