ছিয়াশির ম্যারাডোনাকে ছাপিয়ে মেসি!
বিকেলে স্টেডিয়ামের হাজার হাজার মানুষকে মাতিয়ে দেওয়ার কথা ছিল শাকিরা ও রিকি মার্টিনের। এর পর আর্জেন্টিনা ও কানাডার প্রীতি ম্যাচটিও হয়ে যাওয়ার কথা। এতক্ষণে বিশ্ববাসীর জেনে যাওয়ার কথা বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে কী করল ডিয়েগো ম্যারাডোনার দল। ফলাফল যা-ই হোক না কেন, ম্যারাডোনার আত্মবিশ্বাসে তা প্রভাব ফেলার কথা নয়। দেশটির স্বাধীনতার দ্বিশতবার্ষিকী উপলক্ষে কানাডার বিপক্ষে এ ম্যাচটি খেলতে খুব আগ্রহ ছিল না ম্যারাডোনার। ফলে ম্যাচ নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না আর্জেন্টিনার মহাতারকা কোচ।উঁচু লয়ে যা বলার বলছেন আর্জেন্টিনা দল, বিশেষত লিওনেল মেসিকে নিয়ে। ‘নতুন ম্যারাডোনা’ খেতাব আর্জেন্টিনার ভূরি ভূরি খেলোয়াড় পেয়েছেন। কয়েক বছর ধরেই মেসিকে ফর্মের তুঙ্গে থাকা ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হচ্ছে। বলা হচ্ছে, ১৯৮৬ সালের ম্যারাডোনার মতো এবার মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতে এনে দেবেন।ম্যারাডোনা আগে অনেকবার এই মতকে সমর্থন করেছেন। এবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে দিলেন—মেসি ম্যারাডোনার সমান নয়, ১৯৮৬-এর ম্যারাডোনার চেয়েও ভালো খেলোয়াড়! মেসিকে এক ধাপ এগিয়ে দিয়েই বললেন, বিশ্বকাপ কীভাবে জিততে হবে, সেটা মেসিকে বুঝিয়েও বলেছেন, ‘আমি ১৯৮৬ বিশ্বকাপে যা ছিলাম, লিও (মেসি) তার চেয়েও ভালো খেলোয়াড়। এখন বিশ্বের সেরা খেলোয়াড় ও, বাকি সবার চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। আমি লিওকে বুঝিয়ে বলেছি যে, দক্ষিণ আফ্রিকায় কী করতে হবে। ও সেটা বুঝেছে।’ম্যারাডোনার মেসি-বন্দনা এখানেই শেষ নয়। দুনিয়ার কোটি কোটি ফুটবল-প্রিয় মানুষের চির-আরাধ্য যে ম্যারাডোনা, সেই ম্যারাডোনা নিজেকে ভাগ্যবান বলছেন মেসির কোচ হতে পেরে, ‘আমরা সৌভাগ্যবান, কারণ লিও আর্জেন্টিনায় জন্মেছে। আমি সৌভাগ্যবান, কারণ আমি ওকে ট্রেনিং করাতে পারছি। এটুকু যারা বোঝে না, সমস্যা তাদেরই। মেসি ভালো করেই জানে, ওর সতীর্থরা চাইবে শেষ কাজটা ও করুক। ওকে বল নিয়ন্ত্রণের নেতা হতে হবে। ওকে উদাহরণ সৃষ্টি করে দলের ও মাঠের নেতা হতে হবে।’দিনটা অবশ্য ‘মেসি-বন্দনা’ করেই কাটেনি ম্যারাডোনার। মাত্র দুই দিন আগে জোড়া গোল করে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ডিয়েগো মিলিতোকে নিয়েও কথা বলতে হলো তাঁকে। এখানেও খুঁজে পেয়েছেন আরেকটা আনন্দ। ইন্টারের দুই তারকা হাভিয়ের জানেত্তি ও এস্তেবান ক্যাম্বিয়াসোকে দলে নেননি। যাঁকে নিয়েছেন সেই মিলিতো ম্যারাডোনাকে সঠিক প্রমাণ করেছেন, ‘আমি মিলিতোর পারফরম্যান্সে অবাক হইনি। ও অসাধারণ মৌসুম কাটিয়েছে। মিলিতো আমাকে সঠিক প্রমাণ করেছে। প্রমাণ করেছে, যে ভালো, সেই দলে সুযোগ পেয়েছে।’তাঁর কাছে এতই যদি আনন্দের উপকরণ থাকে, তাহলে তো এবারের বিশ্বকাপ জয় নিয়ে তাঁর সংশয় থাকার কথা নয়। কিন্তু কোথায় যেন একটা ‘কিন্তু’ রয়ে গেছে। কিন্তুটা ম্যারাডোনা নিজেই বলছেন, ‘১৯৮৬ বিশ্বকাপের আগে আমরা ৭০ দিন সময় পেয়েছিলাম। এবার দিন বিশেক সময় পাচ্ছি। এখনো আমার ২৩ জন খেলোয়াড়কে হাতে পাইনি আমি।’তার পরও ম্যারাডোনা আশাবাদী ‘দুর্দান্ত ফুটবল লড়াইয়ের’ ব্যাপারে। কিন্তু শুধু লড়াইতেই কি সমর্থকেরা সন্তুষ্ট হবে? রয়টার্স, ওয়েবসাইট।