ছুটছে বায়ার্ন, এগোল অ্যাটলেটিকোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনাল ১০ জন হয়ে পড়ার পর প্রথম গোলটা পেল বায়ার্ন। টনি ক্রুসের অসাধারণ সেই গোলের পর তাঁকে ঘিরে উদ্যাপন বায়ার্ন মিউনিখ সতীর্থদের ।  এএফপি
আর্সেনাল ১০ জন হয়ে পড়ার পর প্রথম গোলটা পেল বায়ার্ন। টনি ক্রুসের অসাধারণ সেই গোলের পর তাঁকে ঘিরে উদ্যাপন বায়ার্ন মিউনিখ সতীর্থদের । এএফপি

ম্যানুয়েল পেলেগ্রিনির ‘দুঃখ’ এবার হয়তো বুঝতে পারছেন আর্সেন ওয়েঙ্গার। দুজনেরই ললাটলিখন যে এভাবে একই সূত্রে বাঁধা পড়বে কে জানত? দুই ইংলিশ ক্লাবের হারের ব্যবধান একই, হারটা নিজেদের মাঠে এবং আরও চমকপ্রদ ব্যাপার হচ্ছে, হারের পর দুজনের অভিযোগও একই রকম। আগের দিন বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে ম্যানচেস্টার সিটি কোচ পেলেগ্রিনি অভিযোগ করেছিলেন রেফারি হারিয়েছেন তাদের। পরশু বায়ার্ন মিউনিখের কাছে টনি ক্রুস আর টমাস মুলারের গোলে ২-০ ব্যবধানে হেরেও আর্সেনাল কোচ ওয়েঙ্গার আঙুল তুললেন ম্যাচের রেফারির দিকেই, ‘তাঁর সিদ্ধান্তই ম্যাচটা শেষ করে দিয়েছে।’
যে ঘটনার কথা বলছেন সেটা ম্যাচের ৩৭ মিনিটে। আরিয়েন রোবেনকে ফাউল করার কারণে আর্সেনাল গোলরক্ষক শেজনিকে লাল কার্ড দেখান ইতালিয়ান রেফারি নিকোলা রিজোলি। সেই সুবাদে পাওয়া পেনাল্টিটা অবশ্য পোস্টে লাগিয়ে নষ্ট করেছেন ডেভিড আলাবা। তবে ম্যাচের বাকি সময়টা ১০ জন নিয়ে খেলার খেসারত ঠিকই দিতে হয়েছে আর্সেনালকে। হেরে ক্ষুব্ধ ওয়েঙ্গার শুধু রেফারি নন, কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রোবেনকেও, ‘সে অভিনয় করে এটা আদায় করেছে। এ রকম পরিস্থিতির সর্বোচ্চ সুবিধা নিতে সে খুবই অভিজ্ঞ। কিন্তু ইংল্যান্ডে আমরা এমন কাজে অভ্যস্ত নই।’ রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল কি না, এ নিয়ে বিতর্ক হতে পারে, তবে আর্সেনালের হারে মেসুত ওজিলের যে ভূমিকা আছে তা নিয়ে কোনো বিতর্ক নেই। ম্যাচের ৮ মিনিটেই আর্সেনাল মিডফিল্ডারকে ফাউল করেছিলেন বায়ার্ন ডিফেন্ডার জেরোম বোয়াটেং, সুবাদে পেনাল্টি পেয়েছিল আর্সেনালও। কিন্তু ওজিলের সেই শট ফিরিয়ে দিয়েছেন তাঁর স্কুলজীবনের বন্ধু ও জাতীয় দল সতীর্থ ম্যানুয়েল নয়্যার। শুরুর সেই সময়টাতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের হাতে এবং ওই গোলটা হয়ে গেলে যে ম্যাচের ফলটাও অন্য রকম হতো সেটা পরে স্বীকার করেছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলা, ‘প্রথম ১৫-২০ মিনিটে আর্সেনাল আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। কিন্তু ওদের গোলরক্ষক লাল কার্ড দেখার পর পরিস্থিতি বদলে গেছে।’ তবে শেজনির লাল কার্ডটা সঠিক ছিল বলেই মনে করেন বায়ার্ন কোচ, ‘আমি ওয়েঙ্গারের কথার জবাবে কিছু বলতে চাই না। তবে টেলিভিশনে আমি ফাউলটা দেখেছি। এসব ক্ষেত্রে পেনাল্টি আর লাল কার্ড দেখানোই নিয়ম।’
কাকতালীয়ভাবে বছর খানেক আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে আর্সেনালকে ৩-১ গোলে হারানো ম্যাচটাতেও গোল করেছিলেন ক্রুস ও মুলার। ফিরতি লেগে ২-০ গোলে জিতেও বাদ পড়েছিল আর্সেনাল। এবার ফিরতি লেগেও সেই পারফরম্যান্স পুনরাবৃত্তির আশা আর্সেনাল কোচের, ‘এখনই সব শেষ হয়ে যায়নি, কারণ আমরা শেষ পর্যন্ত লড়ব।’ এএফপি, রয়টার্স।
বায়ার্নের মতো প্রথম লেগ জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। সান সিরোতে তারা ডিয়েগো কস্তার একমাত্র গোলে হারিয়েছে এসি মিলানকে। এবারের আসরে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পঞ্চম গোলে ১৭ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে ডিয়েগো সিমিওনের দল। তবে শেষ পর্যন্ত লড়াই করে যেতে চান মিলান কোচ ক্ল্যারেন্স সিডর্ফও, ‘প্রথম লেগের ফলটা তাদের পক্ষে গেল, কিন্তু এখানেই শেষ হচ্ছে না সব। আমি ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়াম খুব ভালো চিনি, ওই মাঠও আমাকে চেনে খুব ভালো করেই।’
এক নজরে
এসি মিলান ০: ১ অ্যাটলেটিকো মাদ্রিদ
আর্সেনাল ০: ২ বায়ার্ন মিউনিখ
* প্রথমে স্বাগতিক দল