ছুটিতে আমলা বিশ্রামে ক্যালিস
টেস্ট সিরিজ হেরেছে, ওয়ানডে সিরিজেও হারতে হয়েছে প্রথম দুই ম্যাচে। শ্রীলঙ্কানরা তাই খবরটা শুনে একটু স্বস্তি পেতে পারে—শেষ তিন ওয়ানডের দক্ষিণ আফ্রিকা দলে নেই হাশিম আমলা ও জ্যাক ক্যালিস। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন আমলা। আর ক্যালিসকে দেওয়া হয়েছে বিশ্রাম। এই দুজনের বদলে ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার আলভিরো পিটারসেন ও বাঁহাতি ব্যাটসম্যান কলিন ইনগ্রাম। চোট পাওয়া ক্লেইনভেল্ডের বদলে ফিরেছেন ভারনন ফিল্যান্ডার। চমকপ্রদভাবে টেস্ট ক্যারিয়ার শুরু করা এই পেসার সর্বশেষ ওয়ানডে খেলেছেন সাড়ে তিন বছর আগে।প্রথম ম্যাচে ৪৩ রানের লজ্জায় কিছুটা হলেও প্রলেপ দিয়ে পরশু ইস্ট লন্ডনে ২৩৬ রান তুলেছিল শ্রীলঙ্কা। কিন্তু জয়ের জন্য যথেষ্ট হয়নি সেটাও। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর পরশু আমলা করেছেন ৫৫। টপ-অর্ডারে রান পেয়েছেন গ্রায়েম স্মিথ (২৮) ও ক্যালিসও (৩৭)। চার নম্বরে নেমে দলের জয় সঙ্গে নিয়ে ফিরেছেন জেপি ডুমিনি। পরিস্থিতির দাবি মিটিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ডুমিনি। ৮৭ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসে ছক্কা একটি, নেই কোনো চারও। ম্যাচসেরাও এই বাঁহাতি। সিরিজের তৃতীয় ম্যাচ আগামীকাল, ব্লুমফন্টেইনে। ওয়েবসাইট।