ছুটির মেজাজে ডাচরা
দল বেঁধে সব যাচ্ছে কোথায়? টেলিভিশনে বাংলাদেশের খেলা দেখবেন না ডেসকাটরা?বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শুরু হতে না-হতেই হল্যান্ড ক্রিকেটারদের হোটেল থেকে বেরিয়ে পড়া দেখে প্রশ্নটা মনে আসতে পারত যে কারোরই। শেরাটন হোটেলের লবিতে টিভি পর্দায় খেলা চলছে। ছোট একটা জটলাও আছে। লবিতে নেমে ডেসকাটরা সবাই মিলে প্রথম দুটি ওভার দেখলেন। সেই দেখাটাও সাগ্রহে নয়। তাঁদের সময় কাটল গল্প-গুজব করেই। একটু পরই সদলবলে বেরিয়ে পড়ল কেনাকাটায়।পরের ম্যাচের প্রতিপক্ষ বোলিং করছে, একটু কি দেখার দরকার ছিল না? পরে হয়তো এসে দেখেছে, তবে দুপুর বেলা পিটার বোরেন এবং তাঁর দলের শরীরী ভাষায় বোঝা গেল, অত দেখার কী আছে! ১৪ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দাঁড়িয়েই তো বাংলাদেশের সঙ্গে বোঝাপড়া হবে। বেরোনোর সময় সামনে-পেছনে নিরাপত্তারক্ষী ছাড়া আর কেউ নেই। দলটা হল্যান্ড বলেই অমন দৃশ্য। বড় কোনো দল হলে নিশ্চয়ই ভিড় থাকত।ভিড় দূরে থাক, কাল দুপুরে ডাচ দলের হোটেলে গিয়ে একেবারেই সুনসান পরিবেশ পাওয়া গেল। কোনো অটোগ্রাফশিকারি খাতা-কলম নিয়ে প্রতীক্ষায় নেই। নেই সংবাদমাধ্যমের হুটোপুটি। বোঝার উপায় নেই, বাড়িতে অতিথি এসেছে। লোকজনের যা দেখা মিলল, ৮০ শতাংশই নিরাপত্তাকর্মী। হোটেলের ভেতরে-বাইরে সতর্ক প্রহরা। তারই মধ্য দিয়ে হল্যান্ড খেলোয়াড়দের বের করে নিয়ে যাওয়া হলো বসুন্ধরা সিটিতে।চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচটি খেলতে পরশু বিকেলে ঢাকায় এসেছে পিটার বোরেনের দল। প্রথম চারটি ম্যাচেই হার, বিশ্বকাপ শেষ হয়ে গেছে ডাচদের। তাদের কাছে বাকি দুটি ম্যাচ স্রেফ নিয়মরক্ষা আর অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ। এ অবস্থায় বাংলাদেশ ম্যাচটা দেখার চেয়ে একটু ঘেরাঘুরি করে নিলে মনটা চাঙা থাকে।ক্রিকেট মানচিত্রে হল্যান্ড একটা বিন্দুর মতোই। কিন্তু পেশাদারির চর্চাটা বোধ হয় কারও চেয়ে কম নয়। দলটির ম্যানেজার এডওয়ার্ড বললেন, ছুটির দিন মানে ছুটির দিন। এই দিনে তাঁর ক্রিকেটারদের খেলা নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করুক, তিনি চান না। একবার ‘নো’ বলেছেন তো, ‘নো’ শব্দটাই বারবার আউড়ে গেলেন।তাঁর কথা, ‘আজ ছুটি দেওয়া হয়েছে গোটা দলকে। ক্রিকেটটা একদমই মাথা থেকে বের করে দেওয়া হয়েছে ওদের। ঘুরবে-ফিরবে। কাল (আজ) সকালে মিরপুরে অনুশীলন করবে দল। সন্ধ্যা নাগাদ আমরা উঠব চট্টগ্রামের বিমানে।’