ছুটে চলেছে ‘আবাহনী এক্সপ্রেস’
হ্যাটট্রিক শিরোপার পথে দুরন্ত বেগে এগিয়ে চলা আবাহনী যেন বিরতিহীন আন্তনগর ট্রেন! দলটি কাল পেরিয়ে গেল ‘রহমতগঞ্জ স্টেশন’ও। এই স্টেশনে তাদের থামাবে কি রহমতগঞ্জ, উল্টো গোলে ভাসল পুরান ঢাকার জায়ান্ট কিলাররা। ৫-১ ব্যবধানটা বলছে আকাশি-নীলেরা এখন গুটি গুটি পায়ে রঙিন উত্সবের দিকেই এগিয়ে যাচ্ছে।প্রথম পর্বের ১২ ম্যাচের শেষ ম্যাচে শুধু মোহামেডানের সঙ্গেই পয়েন্ট হারিয়েছে (০-০) আবাহনী। দ্বিতীয় পর্বে সাত ম্যাচ খেলে সব কটিতেই জয়। আগের ছয় জয়—বিয়ানীবাজার ৪-০, ফেনী সকার ২-১, শুকতারা ১-০, মুক্তিযোদ্ধা ৫-০, আরামবাগ ৩-০, চট্টগ্রাম আবাহনী ৬-২। ১৯ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৫৫। এক ম্যাচ কম খেলে মোহামেডানের পয়েন্ট ৪৮। আবাহনীর আর ম্যাচ বাকি আছে চট্টগ্রাম মোহামেডান, ব্রাদার্স, শেখ রাসেল, ফরাশগঞ্জ এবং মোহামেডানের বিপক্ষে। বড় কোনো অঘটন না ঘটলে মোহামেডানের বিপক্ষে ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। তার আগে ছোটগুলোতে যাতে পা না হড়কায়, সে ব্যাপারে আবাহনী সতর্ক। তবে আবাহনী নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ছোট দলগুলোর যে সাধ্য নেই তাদের ‘ধরে দেওয়া’র, কাল যেন তারই প্রমাণ মিলল। ম্যাচের আগে অন্য গুঞ্জন ছিল। কেউ বলেছিলেন, রহমতগঞ্জ পয়েন্ট ছেড়ে দেবে আবাহনীকে। কারও কারও কথা ছিল, মোহামেডান এমন ব্যবস্থা নিয়েছে যে রহমতগঞ্জ পয়েন্ট ছাড়বে না। তারা উল্টো আবাহনীর পয়েন্ট কেড়ে মোহামেডানের সুবিধা করে দেবে। এটা কিসের ইঙ্গিত না বললেও চলছে। শেষ পর্যন্ত এর কোনোটিরই ভিত্তি খুঁজে পাওয়া গেল না। আবাহনী খেলল আবাহনীর মতো।তা দেখতে ভালো লাগল না মোহামেডান সমর্থক ও কর্মকর্তাদের। ২৬ মিনিটেই আবাহনী ২-০ করে ফেলার পর সাদা-কালোর এক কর্মকর্তা তো বাড়ির পথ ধরলেন। অন্যরা খেলা দেখলেও লড়াকু ফুটবল দেখতে চাইছিলেন রহমতগঞ্জের কাছ থেকে। এই রহমতগঞ্জই গত লিগের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল আবাহনীকে। হারিয়েছিল তারা মোহামেডানকেও।এই দলের বিপক্ষে পেশাদার লিগে গোল-উত্সবও আছে আবাহনীর। প্রথম লিগের দ্বিতীয় পর্বে ৭-০, গত লিগের দ্বিতীয় পর্বে ৬-৩। রহমতগঞ্জ যে কোনো বাধা নয়, এই স্কোরলাইন বলে দেয়।সেটা মনে রেখেই কাল আবাহনী যে পাঁচটি গোল করল তার মধ্যে সেরা শেষ গোলটি। ৭৩ মিনিটে বক্সের ভেতর থেকে ডিফেন্ডার আতিকুর বাঁ পায়ে বুটের মাথা দিয়ে বাঁকানো শট নিয়ে বল জালে পাঠান। ৬৯ মিনিটে ফ্রি-কিক থেকে সরাসরি বল জালে জড়িয়ে ইব্রাহিমের করা চতুর্থ গোলটিও দেখার মতো ছিল। তবে এনামুল যেভাবে গোলরক্ষককে কাটিয়েও হ্যাটট্রিক গোলটা পেলেন না, সেটি দেখার জন্য পীড়াদায়ক।৬ মিনিটে রজনীর ক্রসে দারুণ হেডে দলকে এগিয়ে নেওয়া এনামুল ৪৭ মিনিটে মেহেদি হাসানের (উজ্জ্বল) পাস থেকে টোকা দিয়ে করলেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল। ২৬ মিনিটে ইব্রাহিমের ক্রসে শেরিফের দারুণ হেডে ২-০। রহমতগঞ্জের ইদ্রিস ৩-১ করেন। আরেক আফ্রিকান স্ট্রাইকার পল চলে যাওয়ায় কাল সামর্থ্যের চেয়েও দুর্বল ছিল রহমতগঞ্জ। তার পরও গোলরক্ষক অন্তত গোটা দুই গোল বাঁচাতে পারতেন। বড় দল আবাহনী স্নায়ু ধরে রেখে নিজেদের খেলাটা খেলতে পারলেও রহমতগঞ্জ সেটি পারেনি।তা না পড়ুক, আবাহনী ছুটছে শিরোপার দিকে, এটিই সবচেয়ে বড় খবর সমর্থকদের জন্য।