ছুরির নিচে যেতেই হচ্ছে হাসানকে
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে প্রথম অনুভব করেছিলেন ব্যথাটা। দেশে এসে এমআরআই করানোর পর সমস্যা ধরা পড়ল মেরুদণ্ডের একটা চাকতিতে। এরপর থেকে প্রায় চার মাস ধরে পরিপূর্ণ বিশ্রামে ছিলেন পেসার আবুল হাসান। তাতেও সুস্থ না হওয়ায় অস্ত্রোপচারের জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। খবরটা কাল নিশ্চিত করেছেন বিসিবির চিকির্যাসক ডা. দেবাশীষ চৌধুরী, ‘রাজুকে (আবুল হাসান) যত দ্রুত সম্ভব বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও ভারতে এ ধরনের অস্ত্রোপচারের কী ধরনের সুবিধা আছে, সেটা খোঁজখবর করে দেখছি আমরা।’ গত তিন-চার মাস বিসিবির ফিজিও-চিকির্যাসকেরা নানাভাবে চেষ্টা করে দেখেছেন। মাস খানেক আগে দেওয়া হয়েছে একটা শক্তিশালী ইনজেকশনও। সেটায় কাজ না হওয়ায় অগত্যা ছুরির নিচেই যেতে হচ্ছে হাসানকে। তিনিও এখন এরই অপেক্ষায়, ‘ডাক্তাররা বেড রেস্ট দিয়েছেন। বোলিং তো দূরের কথা, আমার দৌড়ানোও নিষেধ। কোনো কিছুই করতে পারছি না।’পিঠের এই অস্ত্রোপচার কিছুটা জটিল এবং ব্যয়বহুলও। পুনর্বাসন-প্রক্রিয়াও দীর্ঘ। অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে হাসানের কমপক্ষে চার মাস সময় লাগবে। আগের রূপে ফিরতে কত দিন, সেই প্রশ্নের উত্তর এখনই পাওয়া সম্ভব নয়।