ছেড়ে দিতে চেয়েছিলেন বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট
উসাইন বোল্ট

অলিম্পিকে ছয়টি সোনা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে আটটি। উসাইন বোল্ট যে চূড়ায় উঠেছেন, সেখানে ওঠার স্বপ্নই শুধু দেখতে পারেন কোনো অ্যাথলেট। অথচ সর্বকালের দ্রুততম মানবই নাকি একসময় দৌড় ছেড়ে দিতে চেয়েছিলেন!
২০০৬ সালের কথা। তখনো বিশ্ব চেনেনি বোল্টকে। জ্যামাইকার কিংস্টনে হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪–৪০০ মিটার রিলেতে বোল্ট ছিলেন একজন প্রতিযোগী। দৌড়ানোর সময় হঠাৎই হ্যামস্ট্রিংয়ে চোট পান। খুঁড়িয়ে খুঁড়িয়ে পরে চলে যান ট্র্যাকের বাইরে। তখনই গ্যালারি থেকে সমস্বরে দুয়ো শুনতে থাকেন বোল্ট।
নিজের প্রকাশিতব্য আত্মজীবনী ফাস্টার দ্যান লাইটনিং-এর চুম্বক অংশে ঘটনাটির উল্লেখ করেছেন বোল্ট। তখন মাত্র ১৯ বছর বয়স তাঁর। স্বভাবে ছিলেন কিছুটা অলস। অনুশীলনেও কিছুটা গদাই লশকরি চালে চলতেন। চোট পাওয়ার পর ভীষণ অসহায় বোধ করছিলেন। পরের ঘটনাটি শুনুন বোল্টের মুখেই, ‘আমি ভিড়ের মধ্যে কোচকে খুঁজছিলাম। মেইন স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে আমি দুয়ো শুনলাম। আমার প্রতিটি পদক্ষেপের সঙ্গেই শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগল। যখন সাইডলাইনের কাছাকাছি এলাম, তখন সবাই আমার নাম ধরে দুয়ো দিচ্ছিল। তাদের অসন্তুষ্ট মনে হচ্ছিল। কেউ কেউ রীতিমতো চেঁচাচ্ছিল। বলছিল, জিততে পারব না বলে আমি ইচ্ছে করে অমনটা করেছি। খোঁড়ানোর জন্য তারা আমাকে গালি দিচ্ছিল।’
মুহূর্তটা বোল্টের জন্য ছিল ভীষণ কঠিন, ‘এসব কী হচ্ছে! আমার দুনিয়াটা যেন খানখান হয়ে যাচ্ছিল। বিশ্বাস করতে পারছিলাম না আমি কী শুনছি।’ নিজেদের দর্শকদেরই এমন ‘অভ্যর্থনা’ বোল্টকে ক্যারিয়ার নিয়েই ভাবিয়েছিল নতুন করে, ‘আমি কী করছি? আমার কি চালিয়ে যাওয়া উচিত? আমি যা করছি, এত চেষ্টা করছি, এসব হয়তো আমার জন্য নয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ড অনেক কঠিন।’
ভাগ্য ভালো ‘বজ্রবিদ্যুৎ’ দৌড়টা ছেড়ে দেননি। না হলে এই গ্রহ কি আর এই গতিঝড় দেখতে পেত! ওয়েবসাইট।