ছেলে এখনো বাবার ছায়ায়

নেইমার, অস্কারদের সঙ্গেই তাঁর গায়েও উঠতে পারত হলুদ জার্সি। বাবার মতো হয়তো পরতে পারতেন ভক্তদের ভালোবাসার মণিহার। রোমারিনহো সেটা ভেবে শুধু হাপিত্যেশই করতে পারেন। বিখ্যাত বাবার ২০ বছর বয়সী ছেলের সামনে অবশ্য এখনো অনেক সময় পড়ে আছে। কিন্তু এই রোমারিনহো কে? নাম শুনেই খানিকটা অনুমান করতে পারার কথা। রোমারিও নিজের নামের ছাপটা তো ছেলের মধ্যেই রেখে দিয়েছেন।
আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে যাঁদের সামান্য পরিচয় আছে, তাঁরাও রোমারিওর নাম শুনেছেন। ব্রাজিলকে ১৯৯৪ বিশ্বকাপ জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রোমারিওরই। গোল্ডেন বলই জিতে নিয়েছিলেন সেবার। বিশ্বকাপ জয়ের ঠিক নয় মাস আগে জন্ম তাঁর ছেলের। সে সময় রোমারিওর ক্লাব বার্সেলোনার কোচ ছিলেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। নবজাতককে ক্রুইফ একটা টেডি বিয়ার উপহার দিয়েছিলেন। কিন্তু রোমারিনহোই জানিয়েছেন, তাঁর মা উপহারটা পেয়ে খুব একটা প্রীত হননি, ‘মা চেয়েছিলেন আমাকে কেউ ফুটবল দিক। যদিও পরে ভাল্লুকটা ফুটবলই হয়ে যায়! আমাকে প্রথম উপহারটা দিয়েছিলেন ক্রুইফ।’
বাবা বড় ফুটবলার, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় ছেলেও কি বাবার পথে হাঁটবে? এসব ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, ছেলে ফুটবলবিমুখও হতে পারে! না, রোমারিনহো ফুটবলবিমুখও হননি, ‘শৈশব থেকেই ফুটবল ছিল আমার প্রিয় খেলনা। যখন আমি পাঁচ বা ছয় বছর ছিলাম, আমি ভাস্কো ডা গামায় ফুটসাল খেলা শুরু করি। আমি পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নই দেখতাম। স্বপ্নটা সত্যি হয়েছে।’
তবে সেই স্বপ্ন সত্যি হওয়ার রাস্তাটা মোটেই ফুল ছড়ানো ছিল না। ভাস্কো ডা গামার যুব একাডেমিতে ফুটবলের হাতেখড়ি। দুই বছর আগে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু সেটা আর হয়নি। রোমারিনহোও এরপর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এখন তাঁর ঠিকানা সিরি ডির ক্লাব ব্রাসিলেন্স। বাবার মতো অমন প্রকৃতিপ্রদত্ত প্রতিভা নিয়ে হয়তো জন্মাননি। কিন্তু ‘বাপকা ব্যাটা’ হওয়াটাই কি তাঁর জন্য কাল হয়েছে? রোমারিনহো সেটা মানেন না, ‘ফুটবল শুরু করার পর থেকেই আমার ওপর একটা বাড়তি চাপ। কারণ, আমি রোমারিওর ছেলে। সব সময় তাঁর সঙ্গে আমার তুলনা চলে। কিন্তু এখন আমি এটার সঙ্গে অভ্যস্ত। এটা আমার কাছে নৈমিত্তিক একটা ব্যাপার।’
খেলার ধরনটাও ঠিক বাবার মতো নয়। রোমারিও ছিলেন নিখাদ স্ট্রাইকার, রোমারিনহো খেলেন উইংয়ে। বাবার উচ্চতায় যে কখনোই পৌঁছাতে পারবেন না, সেটা স্বীকার করতে তাঁর কুণ্ঠা নেই, ‘আমি অনুশীলন পছন্দ করি, অনেক বেশি খাটি। বাবার ওসব দরকার হতো না। তিনি ছিলেন স্পেশাল, কিন্তু আমাকে অনেক খাটতে হয়।’