ছেলেকে অপমান থেকে বাঁচাতেই জ্বলে উঠলেন শেবাগ

কেকেআরের বিপক্ষে কটকে ৭২ রানের ইনিংস খেলেছিলেন, যে ইনিংসটাকে মনে হচ্ছিল বীরেন্দর শেবাগের ফিরে আসা। সেটাই আবার পরে প্রমাণিত হলো ধূমকেতুর মতো ক্ষণিকের আলোড়ন। পরের ৬ ইনিংসে রান উঠল মাত্র ৭৩!
জাতীয় দলে জায়গা হারিয়েছেন আগেই। এবারের আইপিএলে যেভাবে খেলছিলেন, ৩৬-এর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা শেবাগকে আগামীবার কেউ নেবে কি না, এমন সংশয়ের মেঘও ভিড় করেছিল। কিন্তু সব প্রশ্নের মেঘ ফুঁড়ে জ্বলজ্বলে সূর্যের মতো শেবাগ আবার দেখা দিলেন।
গতকাল শুক্রবার আইপিএলের অলিখিত সেমিফাইনালে খেললেন ‘শেবাগ-সুলভ’ এক ইনিংস। ৫৮ বলে ১২টি চার ও ৮ ছক্কায় ১২২। তাঁর ব্যাটে ভর করেই চেন্নাইকে হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব প্রথমবারের মতো পৌঁছে গেল আইপিএলের ফাইনালে।
এমন একটা ঝোড়ো ইনিংস খেলার পর শেবাগ বলেছেন, শুধু নিজের ক্যারিয়ার বাঁচাতে নয়, পিতা হিসেবে সন্তানকে অপমানের হাত থেকে বাঁচাতে কিছু করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।
একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন দেখে তাঁর ছোট্ট ছেলেও বন্ধুদের হাস্য পরিহাসের পাত্র হয়ে উঠেছিল। বন্ধুদের খোঁটায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল। গতকাল ম্যাচের আগে স্ত্রীর কাছ থেকে ফোনও পেয়েছিলেন শেবাগ।
এখনো তো সময় ফুরিয়ে যায়নি
শেবাগ বলেন, ‘প্রত্যেকবার ব্যাট হাতে নেমেই তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছিলাম। স্ত্রীর কাছ থেকে ফোন পেয়েছি। আমার ছেলের বন্ধুরা ওকে খোঁটা দিচ্ছিল ওর বাবা রান পাচ্ছে না দেখে।’
‘আমি ওকে বলেছি, “সবুর করো বাবা, এখনো তো সময় ফুরিয়ে যায়নি”।’
সময় ফুরিয়ে যাচ্ছিল আসলে। গতকাল হেরে গেলে পাঞ্জাবও বিদায় নিত। নিজের শহর দিল্লি এবার কেনেনি শেবাগকে। আস্থা রেখেছে পাঞ্জাব। সেই পাঞ্জাবের জন্যও কিছু করার তাগিদ ছিল শেবাগের মধ্যে।
বললেন, ‘গত কয়েকটা ম্যাচে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে চেয়েছি। তা ছাড়া পাঞ্জাবকে একটা হলেও ম্যাচ জেতাতে হতো।’
শুরুর দিকে তাঁর ব্যাটিংয়ে অনেকে শচীন টেন্ডুলকারের ছায়া খুঁজে পেত। শেবাগ জানালেন, ‘শচীনের সঙ্গেও কথা বলেছি ব্যাটিং নিয়ে। ১০-১২ ওভার পর্যন্ত উইকেটে থাকার চেষ্টা করেছি।’
পাঞ্জাব দলের মালিক নেস ওয়াদিয়াকেও বিশেষ উপহার দিতে চেয়েছেন বলে জানালেন, ‘একজনকে কথা দিয়েছিলাম তার জন্য বিশেষ একটা ইনিংস খেলব প্লে-অফে। আজ (গতকাল) নেস ওয়াদিয়ার জন্মদিন। ওকে বলেছিলাম, তোমার জন্য জন্মদিনের সেরা উপহারটাই দেব।’
তবে আসল উপহারটা সম্ভবত পেল শেবাগ-তনয়। বন্ধুদের খোঁটার পাল্টা জবাব এবার নিশ্চয়ই দেবে সে!