ছেলেকে জয় উৎসর্গ জোনসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগে চার ম্যাচ পর জয় পেল ১০ জনের দল হয়ে পড়া লিভারপুল। ব্ল্যাকবার্নের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়টি গোলরক্ষক ব্র্যাড জোনস উৎসর্গ করেছেন না ফেরার দেশে চলে যাওয়া তাঁর ছেলে লুকা জোনসকে।জোনসের মাঠে নামাটাই ছিল ভাগ্যগুণে। দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে বেঞ্চই ছিল তাঁর এত দিনের নিশ্চিত ঠিকানা। ২০১০ সালে অ্যানফিল্ডে যোগ দিলেও খেলেছেন মাত্র দুটি ম্যাচ, পরশু এই ম্যাচ দিয়েই লিগে হলো অভিষেক। এক নম্বর গোলরক্ষক পেপে রেইনা কাটাচ্ছেন নিষেধাজ্ঞা। দুই নম্বর গোলরক্ষক দোনি ম্যাচের ২৫ মিনিটে ব্ল্যাকবার্নের জুনিয়র হোইলেটকে বিনা কারণে ফেলে দিয়ে লালকার্ড পান বলেই কপাল খোলে জোনসের। প্রায় দেড় বছর অপেক্ষার পর লিগে অভিষেক। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই সাবেক মিডলসবরো সতীর্থ ইয়াকুবুর পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান! আকাশের দিকে তাকিয়ে স্মরণ করেন ছেলেকে।মধুর অনুভূতির সঙ্গে হয়েছে তিক্ত অভিজ্ঞতাও। ৬১ মিনিটে এই ইয়াকুবুকেই অবৈধভাবে বাধা দিয়ে হলুদ কার্ড পান, প্রতিপক্ষকে উপহার দেন পেনাল্টি। ইয়াকুবু জোনসকে পরাস্ত করে ঠিকই সমতায় ফেরান ব্ল্যাকবার্নকে (২-২)। ৩৬ মিনিটে ব্ল্যাকবার্নের প্রথম গোলটিও এই নাইজেরিয়ানের। অবশ্য এর আগেই ১৩ ও ১৬ মিনিটে আর্জেন্টাইন তারকা ম্যাক্সি রদ্রিগেজ দুই গোল করে ২-০ গোলে এগিয়ে দেন লিভারপুলকে। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে লিভারপুলকে জয় এনে দেন অ্যান্ড্রু ক্যারল। যে জয়টি জোনস তাঁর মৃত ছেলেকে উৎসর্গ করেছেন। ২০১০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের আগে ছেলের ক্যানসার ধরা পড়ে। মৃত্যুর সঙ্গে ১৮ মাস লড়াই করে গত বছর ১৮ নভেম্বর মারা যায় পাঁচ বছর বয়সী লুকা। গত সপ্তাহেই আবার জোনসের জীবনসঙ্গী ড্যানি আরেক ছেলের জন্ম দিয়েছেন। যার নাম রেখেছেন নিকো লুকা জোনস। কিন্তু জয়ের আনন্দ-মুহূর্তে জোনসের স্মৃতির রাজ্যে শুধুই চিরতরে হারিয়ে যাওয়া ছেলেটি, ‘এই জয়টা তার এবং লিভারপুল সমর্থকদের জন্য, যারা অসাধারণ সমর্থন দিয়ে যাচ্ছে।’ব্ল্যাকবার্নের মাঠে পাওয়া এই তিন পয়েন্টে লিভারপুলের অবস্থানের হেরফের অবশ্য ঘটেনি। ৩৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আট নম্বরেই লিভারপুল। এএফপি, ওয়েবসাইট।ওদিকে হতাশার একটা সপ্তাহ কাটানোর পর ইতালিয়ান সিরি ‘আ’তে জয় পেয়েছে এসি মিলান। শিয়েভোর মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছে তারা। সুলে মুন্তারির ৮ মিনিটের গোলে পাওয়া এই জয় জুভেন্টাসকে টপকে আবার পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছে মিলানকে। অবশ্য গতকাল লাৎসিওর বিপক্ষে নিজেদের মাঠে জুভেন্টাস জিতে থাকলে মিলানকে নেমে যেতে হয়েছে। তবে জুভেন্টাস কী করল সেটা পরের বিষয়। মিলান শিবির আত্মবিশ্বাসী, শিরোপা উঠবে তাদের ঘরেই। স্বয়ং ক্লাব সভাপতি সিলভিও বেরলুসকোনিরই বিশ্বাস, স্কুডেট্টো মিলানই জিতবে।