ছেলেকে দেখতে গিয়েছিলেন মানচিনি!
ফ্যালকাওয়ের গতিবিধি পর্যবেক্ষণ করতেই স্পেনে এসেছেন মানচিনি—স্প্যানিশ গণমাধ্যমের এমন দাবি উড়িয়েই দিয়েছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান কোচ। রবার্তো মানচিনি বরং বলছেন, ফ্যালকাওকে নয়, তিনি স্পেনে এসেছেন তাঁর ছেলে আন্দ্রেয়াকে দেখতে।গত শনিবারই সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটির। পরদিনই মানচিনি স্পেনে গিয়ে হাজির। স্পেনে গেলেও কথা ছিল না। কিন্তু ওই দিন রাতে মালাগার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটি ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে বসে দেখেছেন মানচিনি। নিজেদের মাঠে অ্যাটলেটিকোর ২-১ গোলের জয়ে দলের দুটি গোলই করেছেন রাদামেল ফ্যালকাও। হুট করেই মানচিনির সরাসরি অ্যাটলেটিকোর স্টেডিয়ামে চলে আসার কারণ কী? পেছনের ঘটনার সূত্র ধরেই কি না স্পেনের গণমাধ্যম সম্ভাব্য একটা উত্তরই দাঁড় করাতে পেরেছে—ফ্যালকাও এবং মালাগার ইসকো ও ইলিসেওকে দেখতেই হয়তো মানচিনির এই হঠাৎ আগমন।সিটির যে নীতি তাতে জেকো, তেভেজ, আগুয়েরো, বালোতেল্লি— এক হালি স্কোরার থাকার পরও ফ্যালকাওয়ের দিকে ঝুঁকে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও মানচিনি স্পষ্টই জানিয়ে দিলেন, ফ্যালকাওয়ের পেছনে তাঁরা ছুটছেন না, ‘আমি এখানে এসেছি আমার ছেলেকে দেখতে, সে ভ্যাল্লাদোলিদে খেলে।’অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিক সেরেজোও মানচিনির স্টেডিয়ামে এসে খেলা দেখার মধ্যে ফ্যালকাও-বিষয়ক কিছু দেখছেন না, ‘আমরা জানি, মানচিনি ম্যাচ দেখতে এসেছে। কিন্তু ফ্যালকাও প্রসঙ্গে আমরা শান্তই আছি।’ পরে অবশ্য অ্যাটলেটিকোর সভাপতি কৌতুক করে বলেছেন, ‘আমার মনে হয়, মানচিনি এখানে এসেছে মালাগায় একটা বাড়ি খুঁজতে।’ ওয়েবসাইট।