ছেলেদের রাইফেলে এই হাল!
দেশে যেকোনো শ্যুটিং প্রতিযোগিতায় দৃষ্টিটা মূলত থাকে ১০ মিটার রাইফেলের ওপর। এই একটি ইভেন্টেই আন্তর্জাতিক অঙ্গনে যা একটু সম্ভাবনা আছে বাংলাদেশের। সেটি শুধু মেয়েদের বিভাগেই। ছেলেদের বিভাগে যাচ্ছেতাই অবস্থা। কাল শেষ হওয়া জাতীয় এয়ারগান শ্যুটিংয়েও সেটা আবার প্রমাণিত।ছেলেদের বিভাগে কাল ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম হয়েছেন বিকেএসপির জোসিমুজ্জামান। ৬০০-তে তাঁর স্কোর মাত্র ৫৮৯। এই স্কোর আন্তর্জাতিক মানের চেয়ে অনেক দূরে। এমনকি ঘরোয়া মানেও পাতে তোলার মতো নয়। দ্বিতীয় হওয়া একই দলের আবদুল্লাহ হেল বাকির স্কোর ৫৮৬। কমনওয়েলথ ও এসএ সাফ সোনাজয়ী আসিফ হোসেন খান ৬০০-তে পদক জিততে পারেননি, তাঁর স্কোর ৫৮৪। অথচ এই আসিফই একসময় ৫৯৬ পর্যন্ত স্কোর করেছেন!মেয়েদের বিভাগে স্কোর ভালো। প্রথম হওয়া শারমিন আক্তার (রত্না) ৪০০-তে করেছেন ৩৯৬। সুরাইয়া আক্তার ৩৯৪ করেও তৃতীয়। তৃপ্তি দত্ত ৩৯৩ করে শ্যুট-অফে গিয়ে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছেন। এই একটি ইভেন্টে বাংলাদেশের মেয়েদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমছে সাম্প্রতিক সময়ে। তবে ঘরের রেঞ্জে ভালো স্কোর করলেও দেশের বাইরে গিয়ে এ স্কোরটাই অনেক সময় করতে পারেন না বাংলাদেশের মেয়েরা।তিন দিনের প্রতিযোগিতায় ৩টি সোনা, ২ রুপা ও ৪টি ব্রোঞ্জ নিয়ে দলগত সেরা বিকেএসপি। রানার্সআপ আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের সংগ্রহ ২টি সোনা ও ৩টি রুপা।