ছেলের জন্য আকুতি টেন্ডুলকারের

রোহান গাভাস্কারের পরিণতি খুব পুরোনো কোনো ঘটনা নয়। শচীন টেন্ডুলকার কাছে থেকেই কিন্তু দেখেছেন, সুনীল গাভাস্কারের ছেলে রোহান কীভাবে প্রত্যাশার চাপে ধীরে ধীরে হারিয়েই গেলেন। হয়তো বাবা সুনীলের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠার সব যোগ্যতাই রোহানের মধ্যে ছিল। টেন্ডুলকার তাই নিজের ছেলে অর্জুনের বেলায় খুবই সচেতন। ছেলে ক্রিকেট খেলুক, কিন্তু বাবার বিশাল নামের ভারে সে যেন কোনো দিন ভেঙে না পড়ে—এটাই চান তিনি।
ছেলে অর্জুন বাবার পদাঙ্ক অনুসরণ করছে। ধীরে ধীরে হয়ে উঠছে জুনিয়র টেন্ডুলকার। কিন্তু ছেলের বেড়ে ওঠা কিংবা ক্রিকেটার হয়ে ওঠার পথে যেন প্রত্যাশার অতিরিক্ত চাপ বাধা না হয়ে দাঁড়ায়, এজন্য টেন্ডুলকার ও তাঁর স্ত্রী অঞ্জলি সদা সতর্ক।
গতকাল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে টেন্ডুলকার বলেছেন, ‘আজ অর্জুন ক্লাবের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিল। ও এখন উঠতি একজন ক্রিকেটার। উঠতি ক্রিকেটার হিসেবে তাঁকে এখন মাঠে ও মাঠের বাইরে অনেক কিছুর সঙ্গে মানিয়ে চলতে হবে। তাই সবার প্রতি আমার অনুরোধ, অযথা ছেলেটির ওপর চাপ সৃষ্টি না করে ওকে ওর মতো খেলতে দিন।’
ছেলে অর্জুনের কথা বলতে বলতে উদাহরণ টেনেছেন নিজেরও, ‘আমার বাবা শিল্প-সাহিত্য জগতের একজন পণ্ডিত লোক ছিলেন। কিন্তু তিনি কখনোই আমার ওপর ওই জগতে যাওয়ার কোনো চাপ তৈরি করেননি। অন্য কেউ আমাকে প্রশ্ন করেনি, আমি কেন আমার বাবার মতো হওয়ার চেষ্টা করছি না।’
ওই অনুষ্ঠানে ছেলে সম্পর্কে বলতে গিয়ে আবেগী এক বাবা হিসেবেই দেখা দিলেন তিনি, ‘আমার ছেলের বয়স মাত্র ১৪। আমি চাই ও আর দশটা কিশোর ছেলের মতোই ওর ছোটবেলাটা উপভোগ করুক।’ সূত্র: পিটিআই।