ছেলের হয়ে বাবা
বাইরে থাকলে হয়তো পাল্টা ঘা’টা নিজেই দিতেন। কিন্তু সালমান বাট এখন ইংল্যান্ডের জেলখানায়। সতীর্থ এবং স্পট ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গী মোহাম্মদ আমিরের অভিযোগের জবাব দেওয়ার উপায় বাটের নেই। তাই বলে আমির অক্ষত থাকলেন না। ছেলের হয়ে আমিরকে ঠিকই পাল্টা তিরে বিদ্ধ করলেন বাটের বাবা জুলফিকার। বললেন, ‘ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে আমির এখন মিথ্যা বলছে।’ইংল্যান্ডের জেলখানা থেকে মুক্তি পেয়ে কদিন আগেই দেশে ফিরেছেন আমির। সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির অভিযোগ করেন, বাটই তাঁকে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে জড়াতে এক রকম বাধ্য করেছেন।জুলফিকার পাল্টা অভিযোগ করে বলছেন, আমির মিথ্যা কথা বলে সব দায় চাপাচ্ছেন তাঁর ছেলের ওপর, ‘আইসিসির ট্রাইব্যুনালের কাছে জবানবন্দি রেকর্ড করার সময় আমির বলেছিল, বাট তাকে নো বল করতে বলেনি। পরে যুক্তরাজ্যের আদালতেও সে একই কথা বলেছে। সে তখন মিথ্যা বলেছিল, নাকি এখন? নিশ্চিতভাবেই আমি মনে করি, সে এখন মিথ্যা বলছে।’একদিকে বাটের বাবা তুলছেন কাঠগড়ায়, আরেকদিকে আমিরের পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দ্রাবিড় বলছেন, তিনি চান আমির ফিরে আসুক। পাকিস্তানের তরুণ পেসারের প্রশংসা করে ভারতের সাবেক অধিনায়ক বলছেন, পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আমিরের ফেরাটা হবে ‘দারুণ’, ‘সে অসাধারণ খেলোয়াড়। আমি আশাবাদী, নিষেধাজ্ঞা কাটিয়ে সে আবার ফিরে আসতে সক্ষম হবে।’ এএফপি, ওয়েবসাইট।