ছোট দলগুলো ভয় ধরাচ্ছে মনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

কুসংস্কার বলতে পারেন। বলতে পারেন অন্ধবিশ্বাস। কিন্তু আমার অবস্থানের নড়চড় হবে না।আর্জেন্টিনার ম্যাচ আমি দলবল নিয়ে দেখবই না। আগেও খেয়াল করেছি, খুব উৎসাহ নিয়ে, আয়োজন করে বন্ধু-বান্ধবসহ খেলা দেখলে আর্জেন্টিনা হারে।এবার তাই সেটা বাদ দিয়েছি। রাতের বেলা খেলা হয়। খেলা দেখি আমি আর আমার ছোট ভাই, আর কেউ না।
সুইজারল্যান্ডের বিপক্ষে আজ আর্জেন্টিনা হারতে পারে এই একটা ঘটনা ঘটলেই, আমি যদি সদলবলে খেলা দেখি। নইলে আর্জেন্টিনার সামনে সুইসদের উড়ে যাওয়ারই কথা। শুধু আমি কেন, আমার মনে হয় কোনো আর্জেন্টাইন সমর্থকই এটা কল্পনা করতে পারে না যে, দ্বিতীয় পর্বে এসে মেসির দল হোঁচট খাবে সুইজারল্যান্ডের মতো দলের কাছে।
দ্বিতীয় রাউন্ডে কেউ ভুল শোধরানোর সুযোগ পাবে না। ভুল করা মানেই বিশ্বকাপ শেষ। আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়ই ক্লাব পর্যায়ে অনেক বড় বড় দলে খেলে, চাপ নিতে অভ্যস্ত সবাই। তারা সবাই জানে নকআউট পর্বে করণীয় কী। আমার বিশ্বাস, সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাকে আর মেসির দল মনে হবে না। ডি মারিয়া, হিগুইয়েইনরা দল হিসেবেই ফিরিয়ে আনবে আর্জেন্টিনাকে।
কিন্তু সমস্যা হলো এবার প্রতিটি ছোট দলের খেলাই মনে ভয় ধরাচ্ছে। চিলির কথাই ধরুন। ব্রাজিলকে তারা কীভাবে আটকে রাখল শেষ মুহূর্ত পর্যন্ত! মরিসিও পিনিলার শটটাও ফিরে এল বারে লেগে। আসলে চিলির দুর্ভাগ্য।
ধরলাম চিলি না হয় দ্বিতীয় রাউন্ডের ছোট দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো ছিল। মেক্সিকোর কথা কী বলবেন? ম্যাচের ৮৮ মিনিটে স্নাইডারের ওই গোলটা না হলে তো ডাচদের কাঁদিয়ে তারাই চলে যায় আটে। তো এসব দেখে সুইজারল্যান্ডকে নিয়ে একটু টেনশন তো হয়ই। টেনশনটা আগের ম্যাচেই হ্যাটট্রিক করা শাকিরিকে নিয়ে। ও নাকি ‘সুইজারল্যান্ডের মেসি’। জিততে হলে আসল মেসির সেরা খেলাটাই খেলতে হবে মনে হচ্ছে।
এবারের বিশ্বকাপটা আমি অসম্ভব উপভোগ করছি। ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রথম ৪-৫টা ম্যাচ দেখতে না পারলেও এর পর থেকে আর কোনো ম্যাচ মিস দিচ্ছি না। বিশ্বকাপ নিয়ে আমার এই প্রবল উৎসাহ হয়তো এখনো আর্জেন্টিনা প্রতিযোগিতায় আছে বলেই। ১৯৯০ বিশ্বকাপের সময় আমার বয়স ছিল ৮ বছর। খেলাটেলা তেমন বুঝতাম না। তবে ওবারই ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার সমর্থক হয়ে গেছি। এখন পর্যন্ত ফুটবল মানেই আমার কাছে ম্যারাডোনা, ফুটবল মানেই আর্জেন্টিনা।
সেই আর্জেন্টিনার আরেকটি জয় দেখতে আজও বসব টেলিভিশনের সামনে। মেসির জাদুকরি ফ্রি-কিক কিংবা হিগুয়েইন-ডি মারিয়াদের কারিকুরি নিশ্চয়ই আরও একবার উল্লাসে মাতাবে সব আর্জেন্টাইন সমর্থককে? নইলে যে এখানেই শেষ ব্রাজিল বিশ্বকাপ!