ছোট দুই দলের 'বড়' লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেসিফেতে আজ লেখা হবে ফুটবল-রূপকথার আরেকটি অধ্যায়। সেটি কোস্টারিকা কাহিনি হবে নাকি গ্রিক রূপকথা?
ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত কোস্টারিকাই সবচেয়ে বড় চমক। তবে গ্রিসের প্রথমবার দ্বিতীয় রাউন্ডে ওঠাটাও কম নয়। টুর্নামেন্ট শুরুর আগে কোস্টারিকার মতো গ্রিসকে নিয়েও বাজি ধরার লোক হয়তো বেশি ছিল না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুই দলের একটিই আজ পা রাখবে কোয়ার্টার ফাইনালে।
ফুটবলের মাঠে এই প্রথম একে অন্যের মুখোমুখি হচ্ছে কোস্টারিকা-গ্রিস। যারাই জিতুক, নিজেদের সাফল্যের ইতিহাসটা লিখবে নতুন করে। ১৯৯০ বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই কোস্টারিকাকে দ্বিতীয় রাউন্ডে তুলেছিলেন ফ্লোরেস-রামিরেজ-মারচেনা-জারারা। ১৯৯০ বিশ্বকাপের সেই নায়কদের কীর্তিতে ভাগ বসানোই ছিল হোর্হে লুইস পিন্টোর দলের প্রাথমিক লক্ষ্য। সেই লক্ষ্য ছুঁয়ে ফেলা ব্রায়ান রুইজ-জোয়েল ক্যাম্পবেলদের স্বপ্ন এখন আরও বড়। পিন্টোর দলের কেউ কেউ তো স্বপ্ন দেখছেন ফাইনালেরও! ডিফেন্ডার মিকায়েল উমানা যেমন বলছেন, ‘সৌভাগ্যবশত আমরা সবাই বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত এখানে থাকতে চাই।’
উমানাও জানেন সেটা অনেক দূরের পথ। তার আগে আজ পেরোতে হবে গ্রিস-বাধা। কোস্টারিকার ১৯৯০ বিশ্বকাপের অন্যতম নায়ক মারচেনা আশাবাদী তাঁর উত্তরসূরিরা ঠিকই বাধাটা পেরিয়ে যাবে, ‘আমি নিশ্চিত তারা ইতিহাস গড়বে, গ্রিসকে হারিয়ে দেবে।’ স্বপ্নের নায়কের মুখে এমন কথা শুনে ক্যাম্পবেল-রুইজদের আরও উজ্জীবিতই হওয়ার কথা। কিন্তু বাস্তবতা বলছে গ্রিসকে হারানোটা সহজ হবে না।
এমনিতে ড্র-ভাগ্য দুই দলেরই ভালো। গ্রুপপর্বের চমকের কথা মনে রেখেও বলা যায় দ্বিতীয় রাউন্ডে উঠে আসা ১৬ দলের মধ্যে সহজ প্রতিপক্ষ হয়তো গ্রিস আর কোস্টারিকাই। গ্রিস মিডফিল্ডার লাজারোস ক্রিস্তোদুপুলুস তো বলেই দিয়েছেন, ‘অবশ্যই, বেছে নেওয়ার সুযোগ থাকলেও হয়তো আমি অন্য দলগুলোর তুলনায় কোস্টারিকাকেই বেছে নিতাম।’ কোস্টারিকানরাও কি বেছে নিত না গ্রিসকেই?
শুধু দলীয় শক্তি বিবেচনাতেই নয়, দুই দলের কৌশলও প্রায়ই একই। রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণে যাওয়াই গ্রিসের চিরন্তন কৌশল। কোস্টারিকারও প্রধান শক্তির জায়গা এই রক্ষণ। কোচ পিন্টোর তা স্বীকার করতেও দ্বিধা নেই, ‘আমাদের যদি ভালো কোনো দিক থাকে, সেটা রক্ষণ। চার বা পাঁচ ডিফেন্ডার বলেই নয়, আমাদের রক্ষণ অত্যন্ত ভারসাম্যপূর্ণ, কঠিন এবং খুবই দক্ষ।’ গ্রিস কোচ ফার্নান্দো সান্তোসও ইঙ্গিত দিয়েছেন, বরাবরের মতো রক্ষণাত্মক কৌশলই বেছে নেবেন তাঁরা, ‘আমাদের ট্যাকটিকস সব ম্যাচেই একই রকম: রক্ষণ জমাট রেখে প্রতিপক্ষকে আটকে দেওয়া এবং সুযোগ বুঝে বিপজ্জনক প্রতি-আক্রমণ করা।’
দুই দলেরই মনোযোগ থাকবে গোল না খেয়ে প্রতি-আক্রমণে গোল করার দিকে। ফলে প্রথমে যারাই গোল দেবে, প্রতিপক্ষের জন্য তা শোধ করা হবে কঠিন। দুই দলের খেলার ধরন বরং ম্যাচটাকে টাইব্রেকারে নিয়ে যাওয়ার ইঙ্গিতও দিচ্ছে। কোস্টারিকার সহকারী কোচ লুইস মারিনের তাই চাওয়া শুরুতেই গোল করা, ‘দ্রুতই একটা গোল পাওয়াটা হবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ এমনকি ম্যাচটা পেনাল্টিতে যেতে পারে ধরে নিয়ে কোস্টারিকা সেই প্রস্তুতি নিয়ে রাখছে বলেই জানিয়েছেন মারিন, ‘আমরা পেনাল্টি শুটের প্রস্তুতিও নিয়ে রাখছি।’
ছোট দুই দলের ‘বড়’ লড়াইটা জমজমাট হওয়ার আভাসই মিলছে। সূত্র: এএফপি ও ওয়েবসাইট।