ছোট আরভিনের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ক্রিকেটার না হলে সেটাই হতো সবচেয়ে বড় বিস্ময়। ক্রিকেট পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। রক্তে তো ছিলই, ক্রিকেট হূদয়েও ঢুকে যায় সেই ছোটবেলাতেই। কিন্তু নিয়তি এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যে, তাঁকে ক্রিকেট মাঠে দেখাটাই আজ অনেকের কাছে অলৌকিক মনে হয়। যে হাত দিয়ে ব্যাটিং করছেন, বিশ্বজুড়ে বোলারদের শাসন করার স্বপ্ন দেখছেন, সেই হাতটা আজ তাঁর শরীরের অংশ না-ও থাকতে পারত!লোকের কথা আর কী বলবেন, ক্রিকেট খেলছেন, ক্রেইগ আরভিনের নিজেরই মাঝেমধ্যে বিশ্বাস হতে চায় না। বয়স যখন ১২, হারারেতে নিজেদের বাড়িতেই একদিন ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। উঁচু বাড়ির জানালা থেকে বাইরে কিছু একটা ধরতে যাচ্ছিলেন, হঠাৎ পা ফসকে পড়ে গেলেন নিচে ছড়িয়ে থাকা ভাঙা কাচের বড় বড় টুকরোর ওপর। রক্তারক্তি কাণ্ড, দ্রুত নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ডান হাতের কবজির আঘাতটা ছিল সবচেয়ে বেশি। চিকিৎসকেরা শুরুতে বলেছিলেন, ভেতরে কাচ-টাচ ঢুকে ভয়াবহ অবস্থা, কোনো উপায় নেই, হাত কেটে ফেলতে হবে! শেষ মুহূর্তে কী মনে করে তাঁরা ভাবলেন, একটা শেষ চেষ্টা করা যাক। সাড়ে তিন ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর রক্ষা পেল হাত।পঙ্গুত্ব থেকে বাঁচলেও আরভিনের জন্য অপেক্ষা করছিল আরেকটা দুঃসংবাদ। আর কখনো ক্রিকেটই খেলতে পারবেন না! ‘স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, ক্রিকেট খেলব না এটা হয় নাকি! মনে হয়েছিল, হাতটা না কাটায় আর লাভ কী হলো’—চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু কথাগুলো বলতে বলতে আরভিনের মুখে যেন খেলে গেল সেই সময়ের বিস্ময়, হতাশা আর কষ্টের ছায়া। আবার যে ক্রিকেটে ফিরতে পারলেন, এটিকে তিনি নিজে বললেন ‘সৌভাগ্য’। কিন্তু কে না জানে, মানুষকে ভাগ্য গড়তে হয় নিজের হাতেই! প্রচণ্ড ইচ্ছাশক্তি আর মনের জোরে আবার তাঁর শরীর ফিরল ক্রিকেট খেলার মতো অবস্থায়। তিনিও যেন নিজেকে ফিরে পেলেন নতুন করে, ক্রিকেটবিহীন জীবনের কোনো অর্থই যে নেই তাঁর কাছে।বাবা রবি আর চাচা নিল আরভিন সত্তরের দশকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন জিম্বাবুয়েতে। তাঁর দাদাও ছিলেন ক্রিকেটার। তবে আরভিন পরিবারের সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে ক্রেইগের তিন বছরের বড় ভাই শন। ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ৫টি টেস্ট ও ৪২ ওয়ানডে খেলা শন আরভিনকে সে সময় মনে করা হতো বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অলরাউন্ডারদের একজন। কিন্তু রাজনীতির কারণে একগাদা ক্রিকেটারকে হারানোর সময় শনকেও হারিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলার পর শন থিতু হয়েছেন ইংল্যান্ডে, হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টিতে তাঁর পারফরম্যান্স দুর্দান্ত। শন-ক্রেইগের ছোট ভাই রায়ান আরভিনও গত বছর খেলা শুরু করেছেন জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে।জন্মের পর থেকে চারপাশে দেখেছেন সবকিছুই ক্রিকেটময়। বাবা হাতে ধরে তাঁদের তিন ভাইকে ক্রিকেট শিখিয়েছেন। দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে ক্রিকেটে ফেরার পরও নিজের ওপর বিশ্বাসটা ঠিক পাচ্ছিলেন না। দুর্ঘটনার ছাপ থেকে গেছে শরীরে। ডান হাতের বুড়ো আঙুলটা একটু বাঁকা, এই হাতে শক্তিও কম পান। শনের মতোই তিনি বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি পেসার ছিলেন। কিন্তু দুর্ঘটনার কারণে পেস বোলিং বাদ দিতে হলো। আরও অনেক কাজ যেগুলো ডান হাতে করতেন, বাঁ হাতে করার অভ্যাস করলেন। মনের জোরের অভাব ছিল না, তার পরও ছিল একটু সংশয়। জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়ার পর ফিরে এল বিশ্বাস, ‘মনে হলো, আমি তাহলে শীর্ষ পর্যায়ে খেলতে পারব। পরিশ্রম বাড়িয়ে দিলাম। কিছুদিন ক্লাব ক্রিকেট খেলেছি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে। গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ভালো করার পর ডাক পেলাম জাতীয় দলে। শনকে যখন জাতীয় দলে খেলতে দেখতাম, মনে হতো কবে যে আমিও খেলব! দলে ডাক পাওয়াটা তাই ছিল স্বপ্নপূরণ হওয়ার মতো।’হেলমেট পরা ক্রেইগকে দেখলে শন বলে ভুল করবে যে কেউই। দুজনের শট খেলা, পায়ের কাজেও অদ্ভুত মিল। ‘এটা আমাকে অনেকেই বলে। ভালোই লাগে। আমি সব সময় ওর মতোই হতে চেয়েছি। ওকে অনেক অনুকরণ করি।’ ঘরোয়া ক্রিকেটে এক দলে খেললেও জাতীয় দলে একসঙ্গে খেলতে না পারার আক্ষেপ আছে, তবে সম্মান করেন ভাইয়ের আবেগ ও সিদ্ধান্তকে। আর ইচ্ছে আছে ভাইয়ের অপূর্ণতা ঘুচিয়ে দেওয়ার, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার। এখনো পাড়ি দিতে হবে অনেক পথ। তবে ইচ্ছাশক্তি প্রবল হলে যে অনেক কিছুই সম্ভব, তা তো তিনি প্রমাণ করেছেনই!