ছোট ওয়াহ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পদবিটা যখন ওয়াহ, তার সবকিছু নিয়ে মাতামাতি তো একটু হবেই। তবে অস্টিন ওয়াহ শুধু তার বাবা স্টিভ ওয়াহ কিংবা চাচা মার্ক ওয়াহর কারণে নজর কাড়েনি, ব্যাট হাতে নিজের একটা আলাদা পরিচয়ও তৈরি করেছে। সেই পুরস্কারও পেল ১৪ বছর বয়সী স্টিভ-তনয়। ডাক পেয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৬ দলে। গতকাল শুরু হওয়া সিরিজে যে দলটি তিনটি এক দিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে।
বছর তিনেক আগে দাতব্য কাজে অর্থ সংগ্রহের জন্য স্টিভ ওয়াহ ফাউন্ডেশন আয়োজিত একটা প্রীতি ম্যাচে ৪৮ বলে ৯১ রানের ‘বিধ্বংসী’ ইনিংস খেলে প্রথম নজর কেড়েছিল অস্টিন। প্রতিভাটা যাতে ফুল হয়ে ফোটার আগেই শেষ না হয়ে যায় সে চেষ্টার কমতি রাখেনি বাবা স্টিভ ওয়াহ। বাবার সূত্রেই খুব অল্প বয়সে সিডনি ক্রিকেট মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছে অস্টিন। চাচা মার্ক ওয়াহ তো আছেনই, বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছেন বাবা-চাচার একসময়ের সতীর্থরা, এমনকি অস্ট্রেলিয়ার বর্তমান দলের অনেক খেলোয়াড়ও। সেগুলো যে বৃথা যায়নি তা বোঝা যাচ্ছে, কারণ এরই মধ্যে অস্টিন খেলেছে নিউ সাউথ ওয়েলসের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে। অংশ নিয়েছে অস্ট্রেলিয়ান জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপেও। এবার অনূর্ধ্ব-১৬ দলেও ডাক পাওয়াই প্রমাণ করে, ঠিক পথেই এগোচ্ছে অস্টিন। তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।