
ম্যাচের আগের দিন মনে হচ্ছিল উইকেটে ভালো মুভমেন্ট থাকবে। বোলাররা চাইলে প্রথম দু-তিন দিন ভালোই সাহায্য নিতে পারবে। কিন্তু প্রথম দিনের খেলা দেখে সে রকম মনে হলো না। বলে অত সুইং হয়নি। বাংলাদেশ দলের ব্যাটিং-ব্যর্থতার একটাই কারণ চোখে পড়ে আমার—আমরা দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি। ছোট ছোট ভুলেরই ফলাফল দিন শেষের ব্যর্থতা।
ব্যাটসম্যানদের কেউ কেউ তাড়াহুড়ো করেছে খুব। আর শামসুর রহমান তো সেট হয়েও আউট হয়ে গেল। ও সব সময়ই একটু মেরে খেলে। ভালো ব্যাটিংও করছিল। ও যদি টিকে থাকতে পারত, আমরা হয়তো একটা বড় রানের দিকে যেতাম।
আমার মনে হয়েছে দিনের প্রথম দুই ঘণ্টা সামলে নিতে পারলে প্রথম ইনিংসে ভালো সম্ভাবনা ছিল। মুশফিক-সাকিবের ব্যাটিংও সেটাই বলছে। শুরুর ওই বিপর্যয়ের পরও ওরা খুব ভালোভাবে ফিরিয়ে এনেছিল দলকে। শুরুর ব্যাটসম্যানরাও ও রকম টিকে থাকার চেষ্টা করলে হতো। সাকিব অবশ্য খুব ধৈর্য নিয়ে ব্যাটিং করেও শেষ দিকে সেটা ধরে রাখতে পারেনি। সুইপ শট পুরো ইনিংসে একটাই খেলেছে ও, তাতেই আউট।
ব্যাটিংটা একটু খারাপ হলেও এখন তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। একটা দিন খারাপ যেতেই পারে। আমাদের বোলিং লাইনআপ ভালো, সাকিব-সোহাগের মতো স্পিনার আছে। যেকোনো পরিস্থিতিতে ওরা ভালো বল করতে পারে। এখন শুধু পেসারদের একটু ভালো ভূমিকা রাখা চাই। আমার মনে হয়, খুব বেশি শর্ট বল না করে স্টাম্পের ওপর বল করে যাওয়াই ভালো। রুবেল-রবিউলদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। সেটিকে শুধু কাজে লাগাতে হবে। আমাদেরও উচিত ওদের সমর্থন করে যাওয়া।
তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্তকে আমি মন থেকে সমর্থন জানাই। এটা খুবই ইতিবাচক সিদ্ধান্ত। টসে জিতলে হয়তো পেসাররা কার্যকর ভূমিকাও রাখতে পারত। দৃশ্যটা তখন অন্য রকম হতো। এশিয়া কাপে আমরা তিন পেসার খেলিয়ে সফল হয়েছি। তাহলে এখানে নয় কেন? আমাদের স্পিনাররা সব সময় বেশি উইকেট পায় ঠিক আছে, কিন্তু ওরা বলও করে বেশি। একজন স্পিনার যেখানে ৪০-৫০ ওভারও বল করে, একজন পেসার করে ২০-২২ ওভার। আমার মনে হয় পেস বোলিংয়ে সাফল্য এলে পেসারদের দিয়ে বেশি বল করানো উচিত। তাতে ওদের আত্মবিশ্বাসও বাড়বে।
২৩২ রানে অলআউট হওয়া মানেই এই নয় যে আমাদের সবই শেষ। এখান থেকে ফিরে আসার মজাটাই বরং বেশি হবে। সেটাই হবে বড় দল হয়ে ওঠার লক্ষণ। টেস্ট ম্যাচে ফিরে আসার সুযোগ তৈরি হয়, আমাদের সে সুযোগ নিতে হবে। দায়িত্বটা এখন বোলারদের হাতে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে তা মনে রাখতে হবে ব্যাটসম্যানদেরও।