ছোট দলের বড় তারকা
বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৩৫ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকবে ‘৩৫’ সংখ্যাটি নিয়ে—
পেলে, পুসকাস, জার্ড মুলারদের নাম তো সবারই জানা। ফুটবল ইতিহাসের আলোচনায় প্রায়ই উচ্চারিত হয় কিংবদন্তি এই ফুটবলারদের নাম। কিন্তু ইরানের আলি দাইয়ির নাম শুনেছেন কজন? প্রায় ভুলে যাওয়া এই ফুটবলারই কিন্তু দখল করে রেখেছেন ফুটবলের গুরুত্বপূর্ণ কিছু রেকর্ড।
বিশ্বকাপের বাছাইপর্বে সবচেয়ে বেশি ৩৫টি গোল করার রেকর্ডটি আছে আলি দাইয়ির দখলে। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়ে ৩৫টি গোল করেছেন এই ইরানি স্ট্রাইকার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ১৯৯৮ ও ২০০৬ সালে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছিল ইরান।
ছোট দলের এই বড় তারকার দখলে আছে ফুটবলের আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড। যেখানে তিনি পেছনে ফেলেছেন পেলে, পুসকাসদের মতো কিংবদন্তি স্ট্রাইকারদেরও। আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করা একমাত্র ফুটবলার এই দাইয়ি। জাতীয় দলের জার্সি গায়ে ১৪৯ ম্যাচ খেলে ১০৯টি গোল করেছেন ইরানের এই কিংবদন্তি। ৮৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পুসকাস। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে করেছেন ৭৭টি গোল।
দাইয়ির এই সবচেয়ে বেশি গোলের রেকর্ড যে খুব শিগগির ভাঙবে না সেটা হলফ করেই বলা যায়। এখনো খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে দাইয়ির কাছাকাছি আছেন মিরোস্লাভ ক্লোসা। জার্মানির এই স্ট্রাইকার করেছেন ৬৮টি গোল। এর পরই আছেন দ্রগবা (৬৩), রবি কেইন (৬২), লনডন ডনোভান (৫৭), ডেভিড ভিয়া (৫৬), স্যামুয়েল ইতো (৫৫)। কিন্তু এঁদের সবাই চলে এসেছেন ক্যারিয়ারের দ্বারপ্রান্তে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত করেছেন ৪৯টি গোল। ২৯ বছর বয়সী রোনালদোও দাইয়ির রেকর্ড ছুঁতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।