ছোট দুই দলের 'বড়' লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-বোদ্ধাদের চোখে বৈশ্বিক ফুটবলে ইউরোপ ও লাতিন আমেরিকান দেশগুলো যদি হয় কুলীন, আফ্রিকা ও এশিয়া নিচু গোত্রের। আফ্রিকান নেশনস কাপজয়ী নাইজেরিয়া ও বিশ্বকাপে এশিয়ার সর্বোচ্চ ফিফা র৵াঙ্কিংধারী ইরানের ম্যাচ তাই খুব একটা আলোচনায় থাকে না। কিন্তু কে জানে র৵াঙ্কিংয়ে গায়ে-গায়ে থাকা (৪৪ ও ৪৩ নম্বর) দুই দলের ম্যাচটিই হয়তো হয়ে উঠল রোমাঞ্চকর! আজ বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।
চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা ইরানের সবচেয়ে বড় তারকার নাম কার্লোস কুইরোজ! কোচিং করিয়েছেন রিয়াল মাদ্রিদকে। ম্যানচেস্টার ইউনাইটেডে ফার্গুসনের সহকারী ছিলেন দীর্ঘদিন। ছিলেন পর্তুগালের দলের কোচও। তিন বছর আগে দায়িত্ব নিয়ে ইরানকে বদলে দিয়েছেন এই পর্তুগিজ কোচ । দলটিকে আত্মবিশ্বাসে বলীয়ান করে তুলেছেন। অধিনায়ক সাবেক ওসাসুনা ডিফেন্ডার জাভাদ নেকুনাম তাদের রক্ষণভাগের সেনাপতি । ফুলহাম ফরোয়ার্ড আশকান দেজাগেই হতে পারেন সাফল্যের মূল কারিগর।
২০১২ আফ্রিকান নেশনস কাপে অংশ নিতে না-পারা ‘সুপার ইগল’রাই ২০১৩ সালে জিতে নেয় আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট। দলের সবচেয়ে বড় তারকা চেলসি মিডফিল্ডার জন ওবি মিকেল। বিশ্বকাপে তাঁর অভিজ্ঞতাকেই পুঁজি করতে চাইবে নাইজেরিয়া। চোখ রাখতে হবে স্ট্রাইকার এমানুয়েল এমেনিকের ওপরও। কোচ হিসেবে আছেন খেলোয়াড় ও কোচ হিসেবে আফ্রিকান নেশনস কাপজয়ী স্টিফেন কেশি।
ছোট দুই দলের ম্যাচ, তাই বলে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ কিন্তু কম থাকবে না! তথ্যসূত্র: এএফপি৷