ছোট-বড়র তফাত নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার ব্যাপারস্যাপার কেমন যেন তালগোল পাকানো হয়ে উঠেছে। ফুটবলবোদ্ধাদের সব রকমের হিসাব-নিকাশ ‘ভুয়া’ হয়ে যাচ্ছে। বিশ্লেষণের সঙ্গে মিলছে না তাঁদের প্রিয় দল ও খেলোয়াড়দের কর্মকাণ্ড। সব চিন্তাভাবনাকে ভণ্ডুল করে দিচ্ছে কমজোর ভাবা দেশগুলো। মাটিতে ‘পা না পড়া’ দলগুলোর খেলার অবস্থা এখন নাকানিচুবানি পর্যায়ে। আগাম ভেবে রাখা সুদশা ক্রমেই দুর্দশায় রূপান্তরিত হয়ে চলেছে। ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল—এমনকি ব্রাজিলও যে নিজ নিজ ভক্তদের, সাপোর্টারদের শুধু আশাহতই করে চলেছে তা নয়, একেবারে হতোদ্যম করে ছাড়ছে। ভক্তরা এখন আর শুধু নিরাশই নয়, একেবারে হতাশ। খানাদানা নিয়ে বসা টিভি দর্শকদের কাছেও খেলা দেখার সব আয়োজন বিস্বাদ ঠেকতে শুরু করেছে।অনেককে তো দেখছি, টিভির সামনেই আর বসছে না খেলার সময়। খেলা চলাকালে রিমোট টিপে টিপে সিরিয়াল নাটকে চলে যাচ্ছে, নয়তো চোখ রাখছে কখনো মজা না পাওয়া ঘোরতর বোরিং সব রাজনৈতিক বা সমাজ-সংসারের অন্য সব বিষয় নিয়ে তর্কবিতর্ককেন্দ্রিক আলোচনা অনুষ্ঠানে। কাউকে কাউকে তো খুব মনোযোগ দিয়ে রান্নাবান্নার অনুষ্ঠান দেখতেও দেখলাম।আমার মনে হচ্ছে, বিশ্বকাপ ফুটবলের মজাটা যেন জমেই উঠছে না। তবে সবারই মনে এখনো এ আশা টিমটিম করে জ্বলছে যে হয়তো একসময় ঠিকই নিজ নিজ গতি ফিরে পেতে শুরু করবে পছন্দের বড় দলগুলো।আমার এক পরিচিতজন অনেকের মতোই ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত। একরোখাও বলা যেতে পারে। বাড়ির ছাদে বিশাল পতাকা টাঙিয়েছেন আর্জেন্টিনাভক্ত প্রতিবেশীর সঙ্গে প্রতিযোগিতা করে। মানে কে কত বড় পতাকা টাঙাতে পারেন, তার প্রতিযোগিতা।তো, বেচারা এখনো ‘ট্যাপ খেয়ে’ মন খারাপ করে বসে আছেন। হই-ফুর্তি নেই, উল্লাস-উচ্ছ্বাস যেন হারিয়ে ফেলেছেন। তাঁকে বললাম, ‘বুঝলেন, হতাশ হওয়ার দিন এখনো আসেনি। আমার ধারণা, ব্রাজিল খেলায় ঘুরে দাঁড়াবে ঠিক সময়মতো।’ কথা কটি সান্ত্বনার মতো করে বলা নয়, আমার বিশ্বাস থেকেই বলা; কিন্তু উনি প্রায় কটমট করে তাকিয়ে বললেন, ‘মলম লাগাইতাছেন? লাগান, লাগাইতে থাকেন। কী হইব না-হইব, তা তো আমি ভালা জানি।’এদিকে ফুর্তিতে থাকা দল আর্জেন্টিনার মতোই দারুণ আনন্দে থাকা এক ভক্ত-বন্ধুকে ব্রাজিলের এক সমর্থক বললেন, ফুটবলের ধরনটা পাল্টে যাচ্ছে। গুনতিতে না ধরা কমজোর দলগুলো তলে তলে যে উন্নতি করেছে, তা টের পাওয়া যাচ্ছে এখন। তো আপনার দল শুরুটা ভালো করেছে বটে, গর্ব ভর করতে শুরু করলে শেষ দিকে ডুবেও যেতে পারে।আর্জেন্টিনার সমর্থক বন্ধুটি এ কথা শুনে মনে মনে রুষ্ট হলেন বলে মনে হলো। তিনি উত্তর দিলেন, ‘বাহ্, ভালা কইছ। তো, এ কথাটা ম্যারাডোনারে কইয়া আসো। কামে দিব।’ এ কথার পর একটু চুপ থেকে আবার বললেন, ‘ছোট দলগুলার দম ফার্স্ট রাউন্ড পর্যন্ত। আচমকা জিতব, ড্র করব। বড়গুলারে ভুগাইব ঠিকই; কিন্তু ওই পর্যন্তই। আর্জেন্টিনা যে শক্তি আর বুদ্ধি ধরে, তাতে বড়রাও ঠেকাইতে পারব না এইবার।’আমি আপাতত কমজোর ভাবা দলগুলোর খেলা দেখে মুগ্ধ। কত দূর উঠতে পারবে জানা নেই। ধারণা করাও মুশকিল। কিন্তু তারা যে বড় আর নামী-দামি দলগুলোকে নাকানিচুবানি খাইয়ে সব গর্ব খর্ব করে দিচ্ছে, তা দেখে বাহবা না দিয়ে পারা যায় না। বলা যায়, চমকেই দিচ্ছে সবাইকে। দুজনকে উদ্দেশ করে বললাম, ‘বিশ্বকাপের ভাগীদার চিরকাল কয়েকটি দেশের মধ্যে যে নির্ধারিত, তার পরিবর্তন হলে মন্দ কী? অন্যরা ছোট থেকে বড়তে চলে এলে তো বুঝতে হবে, বিশ্বে ফুটবল খেলার মান বদলেছে, অন্য মাত্রা পেয়ে যাচ্ছে। একটা দিক তো পরিষ্কার যে ছোটরা বড়দের চিরাচরিত নিয়ম-ধরন-শক্তি-দুর্বলতা—এসবের ভোমরা কোথায় লুকানো, তা জেনে গেছে। অতএব, সেভাবে তৈরি করেছে নিজেদের। এগুলো ফুটবলের জন্য তো ভালো দিকই। আমি ভাই এদিকটার সাইডে আছি। শুধু আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি—এসব আর কত দিন। বদলে গেলেই তো মঙ্গল।’এ কথা শুনে সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক দুই প্রতিপক্ষ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলেন। সমস্বরে বললেন, ‘যান ভাই। ছোটগো লইয়া থাকেন। আফনে কুফা!’