ছোট ভাইও ভালোই জ্বালিয়েছে রুটকে
লড়াইটা যেমন টেকনিকের, তেমনি টেম্পারামেন্টেরও। ঘণ্টার পর ঘণ্টা উইকেটে কাটাতে শুধু প্রতিপক্ষের বোলিং নয়, সামলাতে হয় স্লেজিংয়ের তোপও। জো রুটকেও সামলাতে হয়েছে। তবে লর্ডসে রুটের পরীক্ষাটা ছিল আরও কঠিন। প্রতিপক্ষ তো বটেই, হজম করতে হয়েছে নিজেদের একজনেরই ‘স্লেজিং’। সেই একজনও আবার নিজের ভাই!লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো, সেটাও আবার অ্যাশেজ টেস্টে এবং দেশের হয়ে সবচেয়ে কম বয়সে—শনিবার এমনিতেই ছিল রুটের জীবনের স্মরণীয়তম দিন। দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে গ্যালারিতে বাবা-মা আর মাঠে ভাইয়ের উপস্থিতিতে। লর্ডসে ইংল্যান্ডের দ্বাদশ ব্যক্তি জো রুটেরই দেড় বছরের ছোট ভাই বিলি রুট!সেঞ্চুরিটা হওয়ার পরপরই পানি নিয়ে মাঠে নেমেছিলেন বিলি, তখনই অভিনন্দন জানিয়েছেন ভাইকে। তবে ওই অভিনন্দনের আগে বড় ভাইকে যন্ত্রণাও দিয়েছেন যথেষ্ট। পানি-তোয়ালে নিয়ে যতবারই মাঠে গিয়েছেন, প্রতিবারই ইচ্ছেমতো খুঁচিয়ে গেছেন বড় ভাইকে। দিন শেষে জো জানালেন সেই মধুর যন্ত্রণার কথা, ‘সারা দিন ধরেই ও আমাকে জ্বালাচ্ছিল, সেঞ্চুরির পর তাই ওর কাছ থেকে অভিনন্দনটা আমার প্রাপ্য ছিল। বারবার শুধু বলছিল আমি ধীরগতিতে ব্যাটিং করছি, ও ব্যাটিংয়ে থাকলে নাকি মেরে তক্তা বানিয়ে দিত। সত্যি বলতে শেন ওয়াটসন ও অন্য অস্ট্রেলিয়ান বোলাররা যা বলেছে, তার চেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে বিলি। পরিবারের সঙ্গে এটি ভাগাভাগি করতে পেরে অবশ্য ভালো লেগেছে। মা-বাবাও ছিল ওখানে, আমি নিশ্চিত তাঁরা দারুণ উপভোগ করেছেন।’২১ ছুঁই-ছুই বিলিও বড় ভাইয়ের মতো ব্যাটসম্যান ও অফ স্পিনার। তবে জোর মতো ডানহাতি নয়, বিলি বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। তবে ভাইয়ের সঙ্গে টেস্ট ক্রিকেটে মাঠে নামা হয়ে গেল দুবার! গত মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষেও ইংল্যান্ডের দ্বাদশ ব্যক্তি ছিলেন এই লর্ডসেই। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় ঘরের মাটির টেস্টে সাধারণত ১২-১৩ জনের স্কোয়াড থাকে আর দ্বাদশ ব্যক্তি রাখা হয় উঠতি কোনো ক্রিকেটারকে। যে কাউন্টির মাঠে খেলা হয়, সেই কাউন্টির দ্বিতীয় একাদশ বা যুবদলের হয়ে সবচেয়ে ভালো খেলতে থাকা খেলোয়াড়দের পুরস্কার ও অনুপ্রেরণা দেওয়া হয় এভাবেই। বিলি রুট যেমন পেয়েছেন এমসিসি ইয়াং ক্রিকেটার্সের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার। বড় ভাইয়ের ইতিহাস গড়ার মুহূর্তে কাছে থাকতে পেরে বিলির প্রাপ্তিটাও নিশ্চয়ই বেড়ে গেছে বহুগুণে! এএফপি।