অদ্ভুত মায়াকাড়া চাহনি। দেখলেই মায়া লাগে। ১৭-তে পা দিয়েছে কি দেয়নি। বয়স, উচ্চতা-টুচ্চতা মিলিয়ে ছেলেটিকে যতটা সতীর্থ মনে হয়; তার চেয়েও বেশি মনে হয় আপন ছোট ভাই। তার ওপর আবার একেবারেই শান্ত-চুপচাপ। যেন সাত চড়েও রা নেই। দলের বাকিদের সঙ্গে বয়সের ব্যবধানের কারণেও কিনা, নিজেকে সব সময় আলাদা আলাদা রাখে। মায়া বেড়ে যায় আরও।২০০৫ সালের ইংল্যান্ড সফরে প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গী হওয়া ১৭ বছর বয়সী মুশফিকুর রহিম সম্পর্কে এই ছিল আমার প্রথম অভিব্যক্তি। আমাদের প্রথম ইংল্যান্ড সফর ছিল সেটি। লর্ডসে খেলব, এই উত্তেজনায় অনেকের ঘুমও ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না। অথচ আশ্চর্য শান্ত মুশফিকুর। এবং সবাইকে ও চমকে দিল প্রস্তুতি ম্যাচেই। জানি, অনেকেই নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ১১৫ রানের অপরাজিত সেই ইনিংসটার কথা বলবেন। মুশফিকুর কিন্তু সাসেক্সের বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচটিতেও দ্বিতীয় ইনিংসে লড়াকু ৬৩ রানের একটা ইনিংসও খেলেছিল। কিন্তু ও আসলে নজর কাড়ে নর্দাম্পটনশায়ারের ম্যাচ দিয়েই।ওই ম্যাচের পর মুশফিকুর নজর কেড়েছিল নাক-উঁচু ইংলিশ মিডিয়ারও। মনে আছে জিওফ বয়কট বলেছিলেন, ‘ছোড়াটার টেকনিক তো দেখছি জবরদস্ত!’লর্ডসে অভিষেক টেস্ট খেলেই কিন্তু মুশফিকুর বাদ পড়েছিল। বাদ পড়েছিল, কারণ দলে ছিল খালেদ মাসুদ। ওকে তখনো স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে আমরা ভাবতে পারিনি। যদিও আমার সব সময়ই মনে হয়েছে, মুশফিকুর আসলে যতটা না উইকেটকিপার, তার চেয়েও বেশি ব্যাটসম্যান। এবং আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যানদের একজন!পেছনে তাকালে দেখবেন, ওই সময়টায় কিন্তু আমাদের জাতীয় দলে অনেক ক্রিকেটারই আসা-যাওয়া করেছে। এমন কথাও উঠেছিল, বাংলাদেশ ‘টেস্ট ক্যাপ’টাকে সস্তা বানিয়ে ফেলছে কিনা। জাতীয় দলে একজন খেলোয়াড়ের ঠাঁই করে নেওয়া আসলেই তুলনামূলক সহজ ছিল। অথচ মুশফিকুরের বেলায় পুরোপুরি উল্টোটা ঘটে গেল। কারণ খালেদ মাসুদ!মাসুদ শুধু বাংলাদেশ নয়, আমার চোখে বিশ্বের সেরা উইকেটকিপারদের একজন ছিল। ওর শূন্যস্থান পূরণ করা মানে যে কী পরিমাণ চাপ, সেটা কল্পনা করতে কারোরই কষ্ট হওয়ার কথা নয়। মনে আছে ২০০৭ বিশ্বকাপে মুুশফিকুরকে রাখা হবে নাকি মাসুদকে, এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ওই বিশ্বকাপের আগে ও পাঁচটি কি ছয়টি ইনিংসে ব্যাট করেছিল। সেই অভিজ্ঞতা নিয়েই মাসুদকে টপকে বিশ্বকাপ দলে জায়গা করে নিল ও।বুঝতেই পারছেন, কী পরিমাণ চাপ ছিল ওর ওপর। পান থেকে চুন খসলেই লোকে বলবে, ‘দেখেছ, এর চেয়ে পাইলটই তো ভালো ছিল।’ সেই মুশফিকুর বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কী ব্যাটিংটাই না করল! সেদিন আমাদের ম্যাচের ফিনিশার ছিল ও। আমি বলব, মুশফিকুরের ক্যারিয়ার ঘুরিয়ে দিয়েছে ৫৬ রানের ওই ইনিংসটি। কিন্তু তার পরও নিন্দুকদের বিরাম-বিশ্রাম নেই। উইকেটের পেছনে ওর দক্ষতা নিয়েও কতশত আলোচনা।ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, এ ধরনের সমালোচনা খেলোয়াড়দের জন্য অনেক সময় হিতে বিপরীত হয়। মুশফিকুরও শুরুর দিকে একটা ভুলের ভয়েই কি না আরও দুটো ভুল করে বসত। একটু যেন জড়সড়ও ছিল উইকেটের পেছনে।তবে ওর সবচেয়ে শক্তির দিক ছিল ব্যাটিং। এখনকার ক্রিকেটে শুধু উইকেটকিপার হলে চলে না। তাকে ব্যাটিংও জানতে হয়। আর ব্যাটসম্যান মুশফিকুর টেকনিকদের দিক দিয়ে আমাদের অন্যতম সেরা। অধিনায়ক হাবিবুল বাশারের জন্য মুশফিকুরের সবচেয়ে বড় গুণটা ছিল, যেকোনো পজিশনে ওকে ব্যাটিংয়ে পাঠানো। মুশফিকুর তিনেও আছে, নয়েও!উইকেটকিপিংয়ের দুর্বলতাও ও কাটিয়ে উঠেছে দ্রুত। এ কারণে আমাদের দলটার ভারসাম্য অনেক বেড়েছে। মাঠে এখন ওকে অনেক নির্ভারও দেখি। একজন ক্রিকেটারের চাপমুক্ত হয়ে খেলাটা জরুরি। চাপ তো থাকবেই। কিন্তু চাপের মেঘ তাড়িয়েই নামতে হবে মাঠে।মুশফিকুর এখন উইকেটের পেছনেও অনেক বেশি সক্রিয়। দলকে উদ্বুদ্ধ রাখতেও উইকেটকিপারের ভূমিকা অনেক বড়। কিপারের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই কিন্তু দলের চরিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। আধুনিক ক্রিকেটে উইকেটকিপারের ভূমিকা আসলেই অনেক বেশি।টিভিতে খেলা দেখলে বুঝবেন, মুশফিকুর চিৎকার করেই বোলারদের, ফিল্ডারদের অনুপ্রাণিত করে। উইকেটের পেছন থেকে খেলা দেখার আরেকটা বড় ভূমিকা হলো, যেকোনো মুহূর্তে অধিনায়ককে পরামর্শ দেওয়া। প্রতিপক্ষ ব্যাটসম্যানটিকে সেই কিন্তু সবচেয়ে কাছে থেকে দেখছে।মুশফিকুরকে বিশ্বকাপের জন্য বিশেষ কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন দেখছি না। কারণ শুরুতেই বলেছি, মুশফিকুর বয়সের তুলনায় অনেক পরিণত। ও আসলে পারফেকশনিস্ট, নিজের মনমতো না হওয়া পর্যন্ত চেষ্টা করে যায়। নিজের খেলার জন্য অনেক বেশি ছাড় দিতে রাজি সে। মনে পড়ছে, বিকেএসপি ছাড়ার পরও একবার ও বিকেএসপির হয়ে প্রিমিয়ার লিগে খেলেছে। কথাটা এ জন্যই তুললাম, বিকেএসপির হয়ে খেললে কিন্তু কোনো টাকা পাওয়া যায় না। ও টাকার কথা না ভেবে খেলাটার কথাই ভেবেছে। এটাই সবচেয়ে বড় গুণ।নিন্দুকদের অনেকেই ওর উচ্চতা নিয়েও কথা বলে। একটা কথাই বলব, ওই ‘ছোট’ মুশফিকুরই কিন্তু অনেক ‘বড়, বড়’ ছক্কাও হাঁকায়!