ছোট শহরের বড় অবদান: খুশি টেন্ডুলকার
একটা সময় ছিল যখন ভারতীয় ক্রিকেট দলে খেলোয়াড়েরা সুযোগ পেত সব বড় বড় শহরগুলো থেকে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর মতো শহরগুলো থেকে উঠে আসা খেলোয়াড়ে বোঝাই থাকত ভারতীয় ক্রিকেট দল। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, মোহাম্মদ আজহারউদ্দিন থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, শচীন টেন্ডুলকার—এঁরা সবাই মেট্রোপলিটন শহরের বাসিন্দা। কিন্তু হালের বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দলে এমন অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁরা উঠে এসেছেন ভারতের প্রত্যন্ত এলাকা থেকে।ব্যাপারটি শচীন টেন্ডুলকারের চোখ এড়ায়নি। তিনি এতে নিজের সন্তুষ্টিই প্রকাশ করেছেন। বলেছেন, ‘ছোট শহরগুলো থেকে উঠে আসা একজন তরুণের মধ্যে ভালো করার জেদটা অনেক বেশি থাকে। সে কারণেই হালে তাঁরাই বাজিমাত করছেন।’টেন্ডুলকারের মতে, ‘ছোট শহরগুলো থেকে উঠে আসা খেলোয়াড়েরা অনেক বেশি পরিশ্রম করে, সে কারণে তারা বুত্পত্তিও অর্জন করে বেশি।’ভারতের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উঠে এসেছেন রাঁচির মতো এলাকা থেকে। যেখানে মুম্বাই-দিল্লির মতো সুযোগ-সুবিধা স্বপ্নের মতো ব্যাপার। এ ব্যাপারে টেন্ডুলকার বলেন, ‘ধোনি কিংবা মুনাফের ব্যাপারটিই দেখুন। ওরা একেবারেই নিজেদের মতো করে ক্রিকেট খেলে। ধোনি আমাকে বলেছে, তার বেড়ে ওঠার সময় একটিও ভালো মাঠ সেখানে খুঁজে পাওয়া যেত না। ক্রিকেট কোচিং স্কুল কোনো দিন সে দেখেনি।’শচীন টেন্ডুলকার মনে করেন ‘মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলো থেকে ক্রিকেটের “এপিসেন্টার” এখন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছে। এটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভালো লক্ষণ।’ পিটিআই।