প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাছে গিয়েও পারল না বাংলাদেশ। বুলাওয়েতে প্রথম টি-টোয়েন্টিতে কাল জিততে হলে অবশ্য বাংলাদেশকে রেকর্ড করতে হতো। পরে ব্যাট করে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার দলীয় রেকর্ড। বাংলাদেশ সর্বোচ্চ ১৬৫ রান তাড়া করে জিতেছে টি-টোয়েন্টিতে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ১৬৪ রান টপকে ৬ উইকেটে জিতেছিল দলটি। কাল জিতলে সেটা হতো জিম্বাবুয়ের মাটিতেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০১০ সালে হারারেতে জিম্বাবুয়ের ১৪০ রান টপকে জিতেছিল ভারত। রান তাড়ার রেকর্ড না হলেও বাংলাদেশ নতুন করে লিখেছে নিজেদের সবচেয়ে কম রানে হারের রেকর্ডটি। এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ১২ রানে পরাজয়ই ছিল সবচেয়ে কম ব্যবধানের।