ছোট হয়ে আসছে বিপিএল!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আকাশে নাকি টাকা ওড়ে। কিন্তু সেই টাকা শুধু ওড়েই। ধরা দেয় না হাতে। এখন পর্যন্ত যাঁরা বিপিএল থেকে নিজের পাওনাটুকু কড়ায়-গন্ডায় বুঝে নিতে পেরেছেন, তাঁরা ভাগ্যবান। বিপিএলে পাওনাদারের সংখ্যাই যে বেশি!খেলোয়াড়েরা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে টাকা পান। বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের পাওনার উৎস ফ্র্যাঞ্চাইজি ও গেম অন। আবার ফ্র্যাঞ্চাইজি-গেম অনের পাল্টা দাবি, তারাও নাকি বিসিবির কাছ থেকে কিছু পায়। বিপিএলে কাজ করা আম্পায়ার, স্কোরার থেকে শুরু করে টিম বয়—সবাই পাওনাদার! এ অবস্থায় প্রথম দুই টুর্নামেন্ট থেকে শিক্ষা নিয়ে তৃতীয় বিপিএলে সেটা কাজে লাগাতে চায় বিসিবি। পরবর্তী টুর্নামেন্টে হয়তো অনেকটাই কমে আসবে বিপিএলের পরিসর।বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দারের কথায়ও মিলল সেই আভাস। কাল টেলিফোনে বলেন, ‘পরবর্তী বিপিএলের আর্থিক কাঠামোয় ব্যাপক পরিবর্তন আসতে পারে। এখন যেভাবে চলছে সেভাবে আসলে বোর্ড, ফ্র্যাঞ্চাইজি, গেম অন—কেউই বিপিএল চালাতে পারবে না। এখন একেকটা ফ্র্যাঞ্চাইজি চালাতে কমপক্ষে ১২-১৩ কোটি টাকা খরচ হয়। এটাসহ সব ধরনের খরচই কমিয়ে আনতে হবে।’একই মত বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অনের কর্ণধার এনায়েতুর রহমানেরও। দুই দিন আগে প্রথম আলোকে তিনি বলেছেন, ‘বিপিএলে সব ধরনের খরচ কমানোর পরামর্শ আমাদেরও। ফ্র্যাঞ্চাইজি ফি, খেলোয়াড়দের টাকা এমনকি খেলার সংখ্যাও কমিয়ে আনা উচিত। টুর্নামেন্টটা হবে ৩০-৩২ দিনের। খেলা হোক শুধু ঢাকা আর চট্টগ্রামে।’দ্বিতীয় বিপিএল বাবদ গেম অন ও সাত ফ্র্যাঞ্চাইজির কাছে মোটা অঙ্কের টাকা পাওনা বিসিবির। প্রথমে ২৮ কোটি টাকা দাবি করলেও গেম অনের কাছে বিসিবির পাওনা শেষ পর্যন্ত ২২ কোটি টাকায় এসে ঠেকেছে বলে জানা গেছে। কিন্তু এরই মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া গেম অন কিছু বিষয় তুলে ধরে টাকা কমাতে অনুরোধ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। পাকিস্তানি ক্রিকেটাররা না খেলায় দ্বিতীয় বিপিএলের জৌলুস অনেকটাই কমে গিয়েছিল বলে দাবি গেম অনের। এ ছাড়া গেম অনের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিদের জন্য বিসিবি ৫ কোটি টাকা করে চাইলেও চুক্তি অনুযায়ী সে অঙ্কটা নাকি ৩ কোটি হওয়ার কথা। এসবের বাইরে টিকিট, খুলনায় দর্শক-খরাসহ আরও কয়েকটি ছোটখাটো বিষয় উল্লেখ করে বিসিবিকে সেগুলো বিবেচনার অনুরোধ জানিয়েছে গেম অন। তবে ২২ কোটি থেকে কত কম দিতে চায়, বিসিবিকে দেওয়া প্রস্তাবে গেম অন নির্দিষ্ট করে উল্লেখ করেনি সেটা।দ্বিতীয় বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফির প্রায় পুরো টাকাটাও এখনো বাকির খাতায়। ১.০১ মিলিয়ন ডলারের মধ্যে রংপুর রাইডার্স দিয়েছে ৮০ লাখ টাকার মতো। বাকি টাকা দ্রুতই শোধ করার প্রতিশ্রুতি মিলেছে বলে জানিয়েছেন বিপিএল সদস্যসচিব। চ্যাম্পিয়ন ও রানার্সআপ বলে ঢাকা গ্লাডিয়েটরস (১.০৫ মিলিয়ন ডলার) ও চিটাগং কিংসের (১.২০ মিলিয়ন ডলার) ফি কিছুটা সমন্বয় হয়েছে। তবে বাকি চার ফ্র্যাঞ্চাইজির পুরো টাকাটাই এখনো বাকি বলে জানিয়েছে বোর্ড সূত্র। ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ বরিশাল বার্নার্সের প্রতিবছর বিসিবিকে দেওয়ার কথা ১.০১ মিলিয়ন ডলার, দুরন্ত রাজশাহীর ১.০৭ মিলিয়ন ডলার, খুলনা রয়েল বেঙ্গলসের ১.১০ মিলিয়ন ডলার ও সিলেট রয়্যালসের ১.০৬ মিলিয়ন ডলার করে। সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিকের পাওনা তো আছেই।কাগজে-কলমে খেলাপি পাঁচ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিবির চুক্তি বাতিল হয়ে গেছে ৭ জুলাই। আইনত পাওনা আদায়ে এরপর বিসিবির আরবিট্রেশনে যাওয়ার কথা। কিন্তু সেটা না করে সব ফ্র্যাঞ্চাইজিকেই দেওয়া হচ্ছে আরেকটা সুযোগ। ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পাওনা নিয়ে আলাদা আলাদা কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ইসমাইল হায়দার মল্লিকের আশা, ফ্র্যাঞ্চাইজিগুলো এই সুযোগ কাজে লাগাবে, ‘আশা করছি ফ্র্যাঞ্চাইজিরা তাদের পাওনা পরিশোধ করবে। কিন্তু এর পরও কোনো ফ্র্যাঞ্চাইজি টাকা না দিলে তাদের সঙ্গে বিসিবি চুক্তি রাখবে না।’ বিপিএল সদস্যসচিব কোনো ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করতে চাননি। তবে জানা গেছে, পাওনা পরিশোধে দুটি ফ্র্যাঞ্চাইজির অবস্থা এতটাই করুণ, তৃতীয় বিপিএলের আগে তাদের মালিকানা কেড়ে নেওয়া হতে পারে।ক্রিকেটের আর কোনো উন্নতি না হোক, বিপিএল থেকে মোটা অঙ্কের আর্থিক লাভের স্বপ্ন দেখেছিল বিসিবি। সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নের ভূত হয়ে চেপে বসেছে। এ থেকে বের হওয়ার একটাই উপায় দেখছেন সবাই—বিপিএলের আমূল সংস্কার। প্রায় একই ধরনের পরিস্থিতিতে শ্রীলঙ্কা এ বছর বন্ধ রাখছে এসএলপিএল। বিসিবি শিক্ষা নিতে পারে সেখান থেকে।