ছোটদের উত্থান বড়রা নামছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের কোপা আমেরিকা অনেক চমকই জমিয়ে রেখেছিল। প্রথম ম্যাচ থেকেই সেই চমক থলে থেকে বেরিয়ে আসতে শুরু করেছে।‘পুঁচকে’ বলিভিয়ার কাছে ড্রর ফাঁদে ধরা পড়েছে মেসির আর্জেন্টিনা—এই দিয়ে শুরু। হ্যাটট্রিক শিরোপা জিততে আসা ব্রাজিলও একই ফাঁদে ধরা পড়েছে আরেক পুঁচকে ভেনেজুয়েলার কাছে। ‘ছোট’দের চমক দেখানো এবারের কোপায় চলছেই। একে তো স্বাগতিক, এর ওপর লিওনেল মেসি আছেন আর্জেন্টিনা দলে। ১৮ বছরের শিরোপা-বন্ধ্যাত্ব কাটানোর মিশনে নামা আর্জেন্টিনা সবচেয়ে ফেবারিট। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও খুব একটা পিছিয়ে নেই। এই দুই পরাশক্তির সঙ্গে অনেকেই উচ্চারণ করছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ের নামও। টুর্নামেন্টটির নাম যখন কোপা, উরুগুয়েকে এমনিতেও বাদ রাখা যায় না। আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৪ বার শিরোপা জয়ের রেকর্ডটি তাদেরও।এই উরুগুয়েও ছোটদের শিকার এবার। নিজেদের প্রথম গ্রুপ ম্যাচেই পেরু ১-১ গোলে আটকে দিয়েছে ফোরলানের দলকে। এমনিতে চিলিকে ছোট দল বলা যাবে না। তবে র‌্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান (উরুগুয়ে ১৮, চিলি ২৭ নম্বরে) আর সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে উরুগুয়েকে এগিয়েই রাখতে হয়। কাল এই পিছিয়ে থাকা চিলির সঙ্গেও ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে উরুগুয়ে। শঙ্কা জেগেছে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ার। ভেনেজুয়েলা বা বলিভিয়ার মতো এত ছোট দল নয়। কিন্তু কলম্বিয়া আর্জেন্টিনার তুলনায় তো ছোট। দ্বিতীয় ম্যাচে এই কলম্বিয়াই রুখে দিয়েছে আর্জেন্টিনাকে। প্যারাগুয়েকে আটকে দিয়েছে ইকুয়েডর। সব মিলিয়ে এবারের কোপাকে ছোটদের উত্থানের টুর্নামেন্ট বললেও ভুল হবে না। ছোটদের উত্থানের কারণেই এবারের কোপা গোলও দেখছে কম, ড্র দেখছে বেশি। গতকাল পর্যন্ত ১০টি ম্যাচ হয়েছে। কিন্তু মাত্র চারটি ম্যাচ দেখেছে জয়-পরাজয়, বাকি ৬টি ম্যাচ হয়েছে ড্র। তিনটি ম্যাচ কোনো গোলই দেখেনি। বাকি তিনটি ম্যাচও হয়েছে ১-১ গোলের ড্র। গ্রুপ পর্ব প্রায় শেষ হয়ে এসেছে, বড় দলগুলোর কোনোটিই এখনো শেষ আটে উঠতে পারেনি। ওদিকে ছোটরা দেখছে বড় স্বপ্ন। এই যেমন পেরু ৩৬ বছর পর আবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে, চিলি পাচ্ছে কোপায় প্রথম শিরোপা জয়ের গন্ধ। ভেনেজুয়েলার আশা জেগে উঠছে শেষ আটে পা রাখার। ছোটদের স্বপ্নের পরিধি বাড়ছে, আর বড়দের ওড়ার আকাশ হয়ে পড়ছে ছোট। বিশেষ করে আর্জেন্টিনা-উরুগুয়ের। কে জানে, কাল রাতে ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচে কী হয়েছে! ম্যাচের পর ব্রাজিল কি হাঁফ ছেড়ে বেঁচেছে, নাকি রবিনহো-নেইমারদেরও দম বন্ধ হয়ে আসছে? ওয়েবসাইট।