ছোটদের ফুটবলে চ্যাম্পিয়ন মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে স্টপার শাহীনকে জড়িয়ে ধরে এক মোহামেডান সমর্থক বললেন, ‘বাবারা, তোমরা খুব ভালো খেলেছ। বড়রা আমাদের এখন আর কাপ দিতে পারে না। এবার তোমরা সেটা দিলে। কী যে ভালো লাগছে!’ পেশাদার ফুটবল লিগে একটি শিরোপাও জিততে পারেনি মোহামেডান। তবে প্রথমবারের মতো বাফুফের অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো মোহামেডানই। হোক না ছোটদের টুর্নামেন্ট, একটি ট্রফি তো গেল মোহামেডানের ঘরে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে কাল সাদা-কালোরা ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে।ম্যাচের ৩৫ মিনিটে প্রথমে মোহামেডানকে এগিয়ে নেয় জিন্টু। ৬০ মিনিটে রাজীব ও খেলার শেষ মিনিটে শাহীন গোল করে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মুক্তিযোদ্ধার ইব্রাহিম। ম্যাচসেরা মোহামেডানের রাজীব ও টুর্নামেন্ট সেরা আতিক। ফেয়ার প্লে ট্রফি জিতেছে ফেনী সকার। চ্যাম্পিয়ন মোহামেডান প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫০ হাজার, রানার্সআপ মুক্তিযোদ্ধা ২৫ হাজার টাকা। খেলোয়াড়দের উৎসাহ দিতে এরই মধ্যে বোনাস ঘোষণা করেছেন মোহামেডান কর্মকর্তারা। মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভুঁইয়া ও আজীবন সদস্য আবদুস সালাম মুর্শেদী দলকে ২ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।