ছোটদের বিশ্বকাপে বড় স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে নিয়ে দারুণ আশাবাদী জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। এই দল নিয়েই ছোটদের বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা। বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসানকে পাশে বসিয়ে নিজের প্রত্যাশার কথা শোনালেন কাল। খালেদ মাহমুদের সুরেই সুর মেলালেন মেহেদী। সংযুক্ত আরব আমিরাতে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। চার গ্রুপে খেলবে ১৬টি দল। সেরা আট দল খেলবে শিরোপার জন্য, যেটি আসলে কাপ পর্বে। বাকিদের নিয়ে হবে প্লেট পর্ব। টুর্নামেন্টের ফাইনাল ১ মার্চ।
বিশ্বকাপে খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে বাংলাদেশ যুবদল ঢাকা ছাড়বে আগামীকাল। প্লেটপর্বে ১৯৯৮, ২০০৪ ও ২০১০-এর চ্যাম্পিয়ন বাংলাদেশ তিনবার কাপ পর্বে খেলেছে। ওই তিনবারই কোয়ার্টার ফাইনালে খেলা গেছে, সর্বোচ্চ সাফল্য ২০০৬ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পঞ্চম স্থান পাওয়া। সময় যত গড়ায়, প্রত্যাশাও বাড়ে। এবার লক্ষ্যটা বড়ই হওয়া উচিত। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান লক্ষ্যটাকে সুনির্দিষ্ট করতে না পারলেও বললেন প্লেটে তাঁরা যেতে চান না, ‘অবশ্যই এবার আমরা কাপে খেলতে চাই। আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ বাই ম্যাচ খেলা। প্রতিটি ম্যাচ জিতেই কাপ পর্বে খেলতে চাই।’
বিশ্বকাপের জন্য প্রায় ২০-২২ দিনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। বিকেএসপিতে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলে ৪টিতেই জিতেছে। এই জয় দলটির আত্মবিশ্বাসের পালে লাগিয়েছে বাড়তি হাওয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও নামিবিয়ার সঙ্গে। সম্প্রতি এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান নামিবিয়ার চেয়ে শক্তিশালী দল নয় বলে তাদের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই। তবে অস্ট্রেলিয়াকেও ভয় পাচ্ছেন না মেহেদী, ‘২০০৪ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েই প্লেট চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। আর খেলার সময় আমরা ভাবতে চাই না যে অস্ট্রেলিয়া অনেক ভালো দল। আমরা ভালো ক্রিকেট খেললে যেকোনো দলকেই হারানো সম্ভব।’ কোচ মিজানুর রহমান স্বপ্ন
দেখেন অনেক বড় কিছু করার, ‘অনূর্ধ্ব-১৭ থেকেই এই দলের অনেকে একই সঙ্গে খেলছে। দলের সবার মধ্যে বোঝাপড়াটা ভালো। এই দল নিয়ে ফাইনাল পর্যন্ত যেতে চাই আমরা।’
বাংলাদেশ দল: সাদমান ইসলাম, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, সাইদ সরকার, জয়রাজ শেখ, লিটন দাস, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান, নিহাদ উজ-জামান, জুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস, জাকির হাসান, নূর আলম সাদ্দাম।
স্ট্যান্ডবাই: প্রসেনজিৎ দাস, রিফাত প্রধান, সিফাত ইসলাম, নাহিদ হাসান, মুমিন শাহরিয়ার, মোহাম্মদ সুমন।
গ্রুপ ও ফিকশ্চার
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, নামিবিয়া
গ্রুপ ‘সি’: দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, কানাডা
গ্রুপ ‘ডি’: নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আরব আমিরাত
গ্রুপ পর্বে বাংলাদেশ
ম্যাচ ভেন্যু
১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-আফগানিস্তান আবুধাবি
১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-নামিবিয়া আবুধাবি
১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-অস্ট্রেলিয়া আবুধাবি