ছোটদের ব্যর্থতায় বাফুফেতে ঝড়
গত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে নেপালের সঙ্গে ড্র করা বাংলাদেশ পরে স্থান নির্ধারণী ম্যাচে হেরেছিল ২-১ গোলে। সেই নেপালের কাছেই এবার সেমিফাইনালে ৫-১ গোলে হার! নেপালের মতো দলের কাছে পাঁচ গোল হজম স্বপ্নেও ভাবতে পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।কাল হতাশ কণ্ঠে বললেন, ‘অনূর্ধ্ব-১৬ দল এভাবে হারবে সেটা আমি মোটেও আশা করিনি। সাফে কেন এমন হলো, সেটা তদন্ত করে দেখা হবে। আমি এরই মধ্যে টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি।’ এই হারের একটা প্রভাব পড়তে পারে আগামী বয়সভিত্তিক সফরগুলোতে। আগামী সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে কিরগিজস্তানে দল পাঠানো হবে কি না, সেটা নিয়েই সংশয় দেখা দিয়েছে। কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমি নিশ্চিত করে বলতে পারছি না, কিরগিজস্তানে দল পাঠানো হবে। তবে ভবিষ্যতে এসব টুর্নামেন্টে দল পাঠানোর আগে দশবার ভাবতে হবে।’ মাত্র এক মাসের অনুশীলনে নেপাল গেছে অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। যাওয়ার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। সাফের ক্যাম্প চলায় বাফুফের ডরমিটরিতে ওঠে জাতীয় দল। অনূর্ধ্ব-১৬ দলকে তাই যেতে হয় ওয়ারী ক্লাবে। ক্লাবটির আবাসন ব্যবস্থা বস্তির পরিবেশকেও হার মানিয়েছে। মশার কামড় সহ্য করে সেখানে থাকতে হয়েছে ফুটবলারদের। স্টেডিয়ামে এসে অনুশীলনের জন্য অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। জাতীয় দলের অনুশীলন শেষ হলে তবেই তাদের সুযোগ মিলেছে। অনেক সময় জায়গা হয়নি বাফুফের অ্যাস্ট্রো টার্ফেও। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়ের চোখে ফুটবলারদের অনুশীলনের সমস্যাটাই দলের হারের অন্যতম কারণ, ‘প্রতিবছরই নতুন নতুন খেলোয়াড় আসে বয়সভিত্তিক দলে। ওদের অনুশীলন করানো লাগে শুরু থেকে, নতুন করে। এ জন্য ট্রেনিংয়ে কোনো ধারাবাহিকতা থাকে না। এটাও একটা সমস্যা।’ নেপালের খেলোয়াড়দের বয়স বেশি ছিল বলেও অভিযোগ তাঁর, ‘এসব টুর্নামেন্টে নেপাল সব সময় বয়স চুরি করে খেলে। এবারও ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে কোচ রেনে কোস্টার দুজন খেলোয়াড়ের নামে লিখিত অভিযোগ করেছে এএফসির কাছে।’নেপাল থেকে টেলিফোনে দলের ম্যানেজার ইলিয়াস হোসেন জানালেন, ‘টুর্নামেন্টের জন্য এক মাসের প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। অন্যরা এখানে খেলতে এসেছে আমাদের চেয়ে অনেক বেশি প্রস্তুতি নিয়ে। তা ছাড়া চূড়ান্ত একাদশের পাঁচ ফুটবলার নেপালে এসেই অসুস্থ হয়ে পড়ে। এটাও হারের একটা কারণ।’ নেপালের বয়সভিত্তিক দলগুলো এমনিতেই খুব শক্তিশালী। তাদের ফেডারেশনেরই আছে চারটি নিজস্ব ফুটবল একাডেমি। পাশাপাশি জেলাগুলোতে আছে বয়সভিত্তিক কোচ। নেপালের এই দলের অধিকাংশ খেলোয়াড়ই এসেছে একাডেমি থেকে। অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে নেপাল হারিয়েছে ৩-০ গোলে, ভুটানকে দিয়েছে ৭ গোল।