ছোটদের বড় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও শেষ ওভার পর্যন্ত খেলা চলল, কোথাও ফলাফল নিষ্পত্তি হলো শেষ বলে! ছোট দলের খেলা থাকলেও গতকাল বড়দিনে প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচগুলো ছিল রোমাঞ্চকর।সবচেয়ে জমল বিকেএসপির ছোট দুই দলের ম্যাচটি। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ওরিয়েন্ট ৪ উইকেটের জয় তুলে নিয়েছে ম্যাচের শেষ বলে। বগুড়ায় সিসিএসের বিপক্ষে ভিক্টোরিয়ার ৩ উইকেটের জয়টিও এসেছে মাত্র ৩ বল বাকি থাকতে। সে তুলনায় রাজশাহীতে কলাবাগান-ওল্ড ডিওএইচএস ম্যাচটি ছিল কিছুটা একপেশে, যদিও কলাবাগানের ১৮ রানে জেতা এই ম্যাচটিও গেছে শেষ ওভার পর্যন্ত।বগুড়ায় ৯৩ রানে ৪ উইকেট হারালেও সিসিএসকে টেনে তুলেছিল মোহাম্মদ আশরাফুল-শুভাগত হোমের ১১৩ রানের চতুর্থ উইকেট জুটি। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এ ম্যাচেও ৬০ রান দিয়েছে আশরাফুলের ব্যাট। তবে আউট হওয়ার ধরনের ধারাবাহিকতাও ধরে রেখেছেন আশরাফুল পরপর দুই ম্যাচে রানআউট হয়ে! ওপেনার মাইশুকুরের অপরাজিত ৯১ রানের সৌজন্যে ৪৯.৩ ওভারে জয় আসে ভিক্টোরিয়ার। ১৮ রানে ৩ উইকেট পড়ার পর মমিনুলের (৭০) সঙ্গে ১৪২ রানের তৃতীয় উইকেট জুটিটাই জয়ের দিকে এগিয়ে দেয় তাদের। ৪৬ থেকে ৫০তম ওভারের মধ্যে অবশ্য মাত্র ১৮ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল ভিক্টোরিয়ার। মাইশুকুর বিপদের কারণ হতে দেননি সেটাকেও।লিগে কাল টানা তৃতীয় জয় পেয়েছে কলাবাগান। নাজমুস সাদাত (৭৪) ও নাসিরউদ্দিন ফারুকের (৩৭) ৯৩ রানের ওপেনিং জুটির পর মিডল-অর্ডারে ইজাজ আহমেদের ৪৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ২৫৯ রান করেছিল কলাবাগান। জবাবে ওল্ড ডিওএইচএস ৪ বল বাকি থাকতে অলআউট হয়েছে ২৪১ রানে। এর আগে ২৬ রানে প্রথম ৩ উইকেট হারানো পর চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগিয়েছিলেন মেহরাব জুনিয়র ও তানভীর হায়দার। আগের ম্যাচেই সেঞ্চুরি করা মেহরাব কাল করেছেন ৭১ রান। কলাবাগানের পেসার শাহাদাত হোসেন ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট।সবচেয়ে জমজমাট ম্যাচটি কাল হয়েছে বিকেএসপিতে। ৪৬ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরও পঞ্চম উইকেটে মোহাম্মদ জাহিদ ও নাদিফ চৌধুরীর ৮৫ রানের জুটির সুবাদে ৮ উইকেটে ২০১ রান করে প্রাইম দোলেশ্বর। জবাবে ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ওরিয়েন্টের প্রয়োজন হয় ৭ রান, শেষ ২ বলে সেটা কমে আসে ১ রানে। ৫০তম ওভারের পঞ্চম বলে সোহাগ গাজী আউট হয়ে গেলে ম্যাচের উত্তেজনা বেড়ে যায় আরও—১ বলে ২ রান। নতুন ব্যাটসম্যান সাদিদ হোসেন এসেই শেষ বলে মারলেন জয়সূচক বাউন্ডারি।প্রিমিয়ার লিগে কাল ক্রিকেটীয় উত্তেজনা থাকলেও আগের দিন অক্রিকেটীয় কারণেই বেশি গরম হয়েছিল মাঠ। সূর্যতরুণের বিপক্ষে ম্যাচে আউটের প্রতিবাদ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে। একই দিনে আবাহনী-গাজী ট্যাংক ম্যাচে অখেলোয়াড়োচিত আচরণের জন্য এক ম্যাচ করে বহিষ্কার করা হয়েছে আবাহনীর মাহমুদউল্লাহ ও গাজীর সাব্বির রহমানকে।সং ক্ষি প্ত স্কো রসিসিএস: ৪৯.৫ ওভারে ২৪১ (শুভাগত ৬৭, আশরাফুল ৬০, সৈকত ৪৪, তাপস ঘোষ ২৭; আরসালান ৩/২৬, মনির ২/৫২, কামরুল রাব্বী ২/৪৯, ফজলে রাব্বী ১/৪২)। ভিক্টোরিয়া: ৪৯.৩ ওভারে ২৪২/৭ (মাইশুকুর ৯১, মমিনুল ৭০, আরসালান ২৮; ওয়াকাস ৩/৫৭, তাপস ঘোষ ১/৩৭, বিশ্বনাথ ১/৩৯, আশরাফুল ১/৪৬)। ফল: ভিক্টোরিয়া ৩ উইকেটে জয়ী।কলাবাগান: ৫০ ওভারে ২৫৯/৬ (নাজমুস ৭৪, ইজাজ ৪৯, নাসিরউদ্দিন ৩৭, জাভেদ ৩০, আরিফুল ২২*; নাবিল ২/৩৬, শফিউল ১/২৫, তাসকিন ১/৪৪, রাশেদ ১/৪৮। ওল্ড ডিওএইচএস: ৪৯.২ ওভারে ২৪১ (মেহরাব জুনিয়র ৭১, তানভীর ৩৯, ফরহাদ ৩১, রাশেদ ২৬, শফিউল ২৩*; শাহাদাত ৪/৩৪, শরীফ ৩/৪৮, আরাফাত ১/৫৬)। ফল: কলাবাগান ১৮ রানে জয়ী।প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২০১/৯ (নাদিফ ৭৩, জাহিদ ৬২; আশরাফুল হক ৩/২৮, জাকারিয়া ১/২৩, আবু জায়েদ ১/৩২, তৈয়বুর ১/৩৬, রবিউল ১/৩৬, সোহাগ ১/৪৩)। ওরিয়েন্ট: ৫০ ওভারে ২০৫/৬ (আনহুর ৫১, মাসুমউদ্দৌলা ৪৩, সোহাগ ২২, তৈয়বুর ২১*; নাজমুল ৩/১৯, শাহেদ ১/৩৫, নিজামউদ্দিন ১/৩৬, নাজমুল হোসেন অপু ১/৪০)। ফল: ওরিয়েন্ট ৪ উইকেটে জয়ী।