ছোটদের বড় রাত
এবার হয়তো শুধু অংশগ্রহণকারী হিসেবে নয়, বড় কিছু করার প্রত্যয়েই মাঠে নেমেছে বাতে বরিসভ। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই লিলকে ৩-১ গোলে হারিয়ে প্রথম প্রমাণ গত ১৯ সেপ্টেম্বর দিয়েছে বেলারুশের ক্লাবটি। পরশু রাতে তো লিখে ফেলল রূপকথাই। ‘পুঁচকে’ বরিসভ হারিয়ে দিয়েছে চারবারের চ্যাম্পিয়ন এবং বর্তমান রানার্সআপ বায়ার্ন মিউনিখকে! বিস্ময় জয়ের ব্যবধানেও। লিলের মতো বায়ার্নের বিপক্ষেও জিতেছে ৩-১ গোলে। চ্যাম্পিয়নস লিগে এটাই নিজেদের মাঠে বরিসভের প্রথম জয়।চ্যাম্পিয়নস লিগে জয়ের স্বাদ এত দিন যাদের জানাই ছিল না, সেই বরিসভ এবার টানা দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে। তাদের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে ‘এফ’ গ্রুপের তিনে বায়ার্ন। দুইয়ে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্টও তিন, তারা এগিয়ে গোল ব্যবধানে। প্রথম ম্যাচে বায়ার্নের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ভ্যালেন্সিয়া পরশু নিজেদের মাঠে লিলকে হারিয়েছে ২-০ গোলে।বরিসভের মতো রূপকথা লিখতে না পারলেও পরশু অঘটন ঘটিয়েছে শাখতার দোনেৎস্কও। ইউক্রেনের ক্লাবটি জুভেন্টাসের মাঠে গিয়ে জুভেন্টাসকে রুখে দিয়েছে ১-১ গোলে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সৌভাগ্য যে বায়ার্নের মতো হারতে হয়নি। ড্রয়ের হতাশাটা অবশ্য জুভেন্টাস সমর্থকদের সরাসরি পোড়াতে পারেনি। বাস ধর্মঘট আর টিকিটের উচ্চমূল্যের কারণে স্টেডিয়াম ছিল ফাঁকা। প্রথমে এগিয়ে গিয়েও দোনেৎস্ক শেষ পর্যন্ত হয়তো জেতেনি, তবে প্রথম ম্যাচে নরশেলানকে ২-০ গোলে হারানোর পর এই ড্র তাদের তুলে দিয়েছে ‘ই’ গ্রুপের দুই নম্বরে। দোনেৎস্কের সমান ৪ পয়েন্ট নিয়েই শীর্ষে চেলসি। দুই পয়েন্ট নিয়ে তিনে জুভেন্টাস।একই দিনে বরিসভ-দোনেৎস্কের কীর্তি ইউরোপিয়ান ফুটবলে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশের ক্লাবগুলোর উঠে আসার বার্তাই যেন দিল আরেকবার। ইউরোপিয়ান ফুটবলে পশ্চিম ইউরোপের ক্লাবগুলোর একচ্ছত্র দাপট। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশের ক্লাবগুলোও পশ্চিমাদের টক্কর দেওয়ার পণই যেন করেছে। রাশিয়ার আনঝি মাখাচকালা, জেনিত সেন্ট পিটার্সবার্গের মতো ক্লাবগুলোর টাকার বস্তা নিয়ে খেলোয়াড়-কোচ কেনার পেছনে কাজ করছে এটাই।২০০৮-০৯ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলে বরিসভ। এ নিয়ে ইউরোপের কুলীন ক্লাবগুলোর টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে এসেই উপহার দিচ্ছে ‘চমক’। তবে রূপকথার জয় পেলেও পা মাটিতেই আছে বরিসভের। বরিসভের সাবেক বার্সেলোনা তারকা আলেক্সান্দার হ্লেব যেমন বলছেন, ‘এটা আমাদের জন্য অসাধারণ এক জয়। আমরা এটা উদ্যাপন করব ঠিকই, কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে।’ বায়ার্নের একাধিক প্রচেষ্টা প্রতিহত হয়েছে পোস্টে, বারে। বরিসভকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস তাই দায় দিচ্ছেন ভাগ্যকেও, ‘আমাদের দুর্ভাগ্য যে, আমরা বল লাগিয়েছি পোস্টে, বারে।’ এএফপি, রয়টার্স।