সফরটা শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচে জয় দিয়েই। কাল টুর্নামেন্টের শুরুটাও মুশফিকুরদের দল করল জয় দিয়ে। ত্রিনিদাদে টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিসিবি একাদশের মোড়কে থাকা বাংলাদেশ জাতীয় দল পরশু ৭ উইকেটে হারিয়েছে বারবাডোজকে। বৃষ্টি খেয়ে ফেলেছিল ম্যাচের অর্ধেকেরও বেশি। ২০ ওভারের ম্যাচ হয়ে গিয়েছিল ৮ ওভারের। ওই ৮ ওভারে ৪ উইকেটে ৬৫ রান করে বারবাডোজ। বিসিবি একাদশ ৩ উইকেট হারিয়ে ওই রান টপকে যায় ৬.৩ ওভারেই, স্কোরিং শটটা ছক্কা হওয়ায় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭১।কুইন্স পার্ক ওভালের ভেজা মাঠে শুরু থেকেই উড়িয়ে মেরেছেন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। শুরুটা হয় সাকিব আল হাসানের হাত দিয়ে। তামিমের সঙ্গে ব্যাটিং উদ্বোধন করতে নেমে এক ছয় ও এক চারে মাত্র ৪ বলে ১৩ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডাউনে নেমে ১৩ বলে ১৮ রান করেন অধিনায়ক মুশফিক। তাঁর ইনিংসে ছিল ৩টি চার। ১৪ বলে ১৪ করেছেন তামিম ইকবাল। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ একটি করে চার ও ছয়ে ৬ বলে ১৩ ও জিয়া ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।বারবাডোজের ইনিংসে সর্বোচ্চ ১৮ রান কাইল মেয়ার্সের। মুখোমুখি হওয়া প্রথম বলেই সাকিব আল হাসানকে ছয় হাঁকানো মেয়ার্স মাত্র ৬ বলেই করেন ১৮। ৬ বলে অপরাজিত ১৫ রান করেছেন অ্যাশলি নার্স। ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে বিসিবির সেরা বোলার আবুল হাসান। সাকিব পেয়েছেন এক উইকেট।গত রাতেই হয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়। স্বাগতিক ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে পরের ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সোয়া পাঁচটায়। তথ্যসূত্র: ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরবারবাডোজ: ৮ ওভারে ৬৫/৪ (ফিলিপস ১৫, এডওয়ার্ডস ৫, মেয়ার্স ১৮, কার্টার ৮, নার্স ১৫*, হোল্ডার ২*; মাশরাফি ২-০-৮-০, শফিউল ২-০-১৯-০, আবুল হাসান ২-০-১৪-২, সাকিব ১-০-১১-১, মাহমুদউল্লাহ ১-০-১২-০)।বিসিবি একাদশ: ৬.৩ ওভারে ৭১/৩ (তামিম ১৪, সাকিব ১৩, মুশফিক ১৮, মাহমুদউল্লাহ ১৩*, জিয়া ৮*; রোচ ০/১৩, হাইন্ডস ২/২২, হোল্ডার ০/১৩, নার্স ১/৯, মেয়ার্স ০/১২)।ফল: বিসিবি একাদশ ৭ উইকেটে জয়ী।