ছোট্ট সফরে মাহমুদউল্লাহর প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ক্রিকেটারের ঝলমলে জীবনের পেছনে কত কষ্ট-শ্রম আর কত ত্যাগ থাকে, সেই হিসাব কজনই বা রাখেন! ব্যক্তিগত-পারিবারিক-সামাজিক কত আনন্দই না বিসর্জন দিয়ে পথ চলতে হয়। মাহমুদউল্লাহর কথাই ভাবুন। গত জুনে প্রথম সন্তান জন্মের পরপরই জাতীয় দলের সঙ্গে গেলেন জিম্বাবুয়ে। সন্তান ঘরে আসার পর প্রথম ঈদ। কিন্তু হঠাৎই ডাক এল শ্রীলঙ্কা থেকে। ছুট লাগালেন এসএলপিএল খেলতে। ঈদের দিন নেমে যেতে হলো মাঠে!গেলেন, গত পরশু আবার ফিরেও এলেন। প্রাথমিক পর্বে তলানিতে থেকে শেষ করেছে বাসনাহিরা ক্রিকেট ডান্ডি। মাহমুদউল্লাহর এসএলপিএল অভিযানের সমাপ্তি তাই সপ্তাহ খানেকের মধ্যেই। মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছেন বাংলাদেশ সহ-অধিনায়ক। অন্যদিক থেকে আবার খানিকটা লাভও হয়েছে। দেশে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারলেন। ত্রিনিদাদ সফর আর টি-টোয়েন্টি বিশ্বকাপের লম্বা অভিযানের আগে পরিবারকে বাড়তি কিছু সময়ও দিতে পারলেন।ছোট্ট লঙ্কা অভিযানের প্রাপ্তিতে ক্রিকেটার মাহমুদউল্লাহ সন্তুষ্টই, তবে বাবা মাহমুদউল্লাহর আক্ষেপও মিশে থাকল প্রতিক্রিয়ায়, ‘সন্তানের সঙ্গে প্রথম ঈদ কাটাতে না পারায় একটু মন খারাপ ছিল। তবে নিজের পেশাকে গুরুত্ব তো দিতেই হবে। সুযোগটা আসতেই আমি লুফে নিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো।’প্রথম ম্যাচে ৭ বলে ১৩ রান ও ১ উইকেট, পরের ম্যাচে ১৮ বলে অপরাজিত ১৩ আর ৩ উইকেট—মাহমুদউল্লাহর ‘ভালো অভিজ্ঞতা’ দাবির সঙ্গে দ্বিমত করতে পারেন অনেকেই। তিনি নিজেই যেমন বোলিংয়ে সন্তুষ্ট, কিন্তু বলছেন ব্যাটিং আরও ভালো করা উচিত ছিল। তবে তাঁর এই ‘ভালো অভিজ্ঞতা’ বৃহত্তর দৃষ্টিকোণ থেকে, ‘উইকেট সম্পর্কে একটা ধারণা হয়েছে, সতীর্থদের সঙ্গে তা ভাগাভাগি করব। মুশফিকও শিগগিরই দলের সঙ্গে যোগ দেবে। ওখানকার উইকেটের ধরন-আচরণ নিয়ে আমরা অবশ্যই সবার সঙ্গে কথা বলব।’টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের দুটি ম্যাচই পাল্লেকেলেতে। সৌভাগ্যক্রমে দুই ম্যাচের একটি পাল্লেকেলেতে খেলতে পেরেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ এখনো ক্যান্ডির এই নতুন মাঠে কোনো ম্যাচ খেলেনি। তবে ওই মাঠের উইকেট সম্পর্কে ভালো ধারণা নিয়ে এসেছেন মাহমুদ, ‘আমি যে উইকেটে খেলেছি, পেসার-স্পিনার সবাই সহায়তা পেয়েছে। ব্যাটিং কিছুটা কঠিন, একটু সময় নিতে হয়। পেসাররা যেমন সিম মুভমেন্ট পায়, স্পিনাররাও টার্ন পায়। আশা করি, আমরা ওখানে ভালোই মানিয়ে নিতে পারব।’বিশ্বকাপ দলের বেশির ভাগ যখন অনুশীলন করছেন মিরপুরে, দলের গুরুত্বপূর্ণ বেশ কজন তখন ব্যস্ত এসএলপিএলে। মাহমুদউল্লাহর ধারণা, ওরা ম্যাচে থাকায় আখেরে দলের লাভই হবে। আশা করছেন ত্রিনিদাদ সফরটাও বেশ কাজে দেবে, ‘তামিম, আশরাফুল, মুশফিক, আমি ম্যাচের মধ্যেই ছিলাম। সর্বশেষ যখন আমরা ত্রিনিদাদে খেলেছি, তখন উইকেটে বেশ টার্ন ছিল। এবারও তা-ই থাকার কথা, সে ক্ষেত্রে শ্রীলঙ্কার জন্য প্রস্তুতি ভালোই হবে। শ্রীলঙ্কায়ও আমরা প্রস্তুতি ম্যাচ খেলব। সব মিলিয়ে আশা করি, ভালো প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে নামতে পারব আমরা।’