ছয় নম্বরে আল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন
আল আমিন

এক বছর আগে এই সময়টা কেমন কাটছিল আল আমিন হোসেনের? একদমই ভালো নয়। বিশ্বকাপ থেকে কাউকে দেশে ফেরত পাঠিয়ে দিলে কারই বা সময় ভালো কাটে! এক বছর পর সেই আল আমিনই এখন হাওয়ায় ভাসছেন। গত নভেম্বরে জাতীয় দলে ফেরার পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়ে গেলেন নগদ নগদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শেষে আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যা ঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা ছয় নম্বরে উঠে এসেছেন আল আমিন। এশিয়া কাপ শেষে ১৫ নম্বরে ছিলেন এই পেসার।
গত নভেম্বরের জিম্বাবুয়ে সিরিজ থেকে ওমান ম্যাচ পর্যন্ত ১২টি টি-টোয়েন্টিতে ২২ উইকেট নিয়েছেন আল আমিন। এই সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া এই পেসার সুপার টেন পর্ব শুরু করবেন বাংলাদেশের এক নম্বর বোলার হিসেবে। গত চার মাসে ৫০ ধাপেরও বেশি এগোনো আল আমিনের উত্থানে পেছনে পড়েছেন সাকিব আল হাসান। ওমানের বিপক্ষে ক্যারিয়ার-সেরা বোলিং করা সাকিব সর্বশেষ র্যা ঙ্কিংয়ে আছেন আট নম্বরে।
আল আমিনের মতো ব্যাটিংয়ে বড় লাফ দিয়েছেন তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান একবারে পেরিয়েছেন ১৯ ধাপ। এশিয়া কাপ শেষে ৫২ নম্বরে নেমে যাওয়া তামিম উঠে এসেছেন ৩৩ নম্বরে। র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের তৃতীয় সেরা ব্যাটসম্যান তামিম। তাঁর ওপরে আছেন সাব্বির রহমান (১৮) ও সাকিব আল হাসান (২৯)। সাব্বির এগিয়েছেন দুই ধাপ, সাকিব পিছিয়েছেন ৪ ধাপ। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে বোলিংয়ে এগিয়েছেন মাশরাফি (৩ ধাপ) ও তাসকিন আহমেদ (৬ ধাপ)।
সুপার টেন পর্ব শুরুর আগে ব্যাটিং র্যা ঙ্কিংয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট।
বাংলাদেশের সেরা পাঁচ
ব্যাটসম্যান
১৮ (+২) সাব্বির রহমান ৬১৪
২৯ (-৪) সাকিব আল হাসান ৫৩০
৩৩ (+১৯) তামিম ইকবাল ৫১৩
৫৯ (-৫) মাহমুদউল্লাহ ৪০৭
৬৭ (-৮) মুশফিকুর রহিম ৩৮০
বোলার
৬ (+৯) আল আমিন হোসেন ৬৩৩
৮ (+১) সাকিব আল হাসান ৬২৭
৩০ (+৩) মাশরাফি বিন মুর্তজা ৫৪৫
৪০ (-১২) মুস্তাফিজুর রহমান ৫১৩
৬০ (-৩) মাহমুদউল্লাহ ৪৫৫
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন