ছয় বছর পর গ্রান্ট ফ্লাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৩ বছর বিরতির পর টেস্ট দলে আবার ডাক পেয়েছিলেন জন ট্রাইকস। ওয়ানডেতেও প্রায় দুই ম্যাচের মাঝখানে এক যুগের বিরতি ছিল জেফ উইলসনের। সেখানে ছয় বছর পর কেউ যদি দলে ডাক পান সেটিকে বিস্ময় বলার জো নেই। তার পরও বলতে হচ্ছে। কারণ আবারও জিম্বাবুয়ে দলে ফেরা ক্রিকেটারটির নাম যে গ্রান্ট ফ্লাওয়ার।ফ্লাওয়ার ভাইদের ছোটজন সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০০৪ সালের মার্চে, বাংলাদেশের বিপক্ষে। ওই ম্যাচের পরই হিথ স্ট্রিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আরও অনেক ক্রিকেটারের মতো তিনিও জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন। গত ছয় বছর ইংলিশ কাউন্টিতে খেলেছেন এসেক্সের হয়ে।আগামী ডিসেম্বরে ৪০ বছর পূর্ণ করতে চলা এই ডানহাতি ব্যাটসম্যান আবারও ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আগামী ৮ অক্টোবর থেকে শুরু দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাঁকে।গত আগস্টে জিম্বাবুয়ে ফিরেছেন একটি ঘরোয়া দলের হয়ে, খেলোয়াড়-কোচের যৌথ ভূমিকায়। এর পর পরই জাতীয় দলেও ফিরলেন। ফ্লাওয়ার সম্মতিক্রমেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে ফিরিয়ে আনা। ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডেতে সদ্য শেষ হওয়া মৌসুমে তাঁর ফর্ম ছিল দুর্দান্ত (৬৫.৮৭ গড়ে ৫২৭ রান)। ফ্লাওয়ারের দল এসেক্স সেমিফাইনালেও উঠেছিল। তবে জাতীয় দলে ফেরার পেছনে এই ফর্মটাই তো যথেষ্ট ছিল না। দুই পক্ষের মধ্যে সম্পর্কের শীতলতাও ছিল বাধা। সেই বাধা দূর হয়েছে বলেই জিম্বাবুয়ে ফিরে পেল তার অন্যতম সেরা এক ক্রিকেটারকে।জিম্বাবুয়ের ক্রিকেটে বর্ণবাদী রাজনীতির দূষণ শুরু হয়ে যাওয়ায় শ্বেতাঙ্গ ক্রিকেটাররা তো বটেই, দল ছেড়েছিলেন হেনরি ওলোঙ্গার মতো কৃষ্ণাঙ্গরাও। এর পর এসেক্সেই থিতু হন গ্রান্ট। বড় ভাই অ্যান্ডি ২০০৬ সালে খেলা ছেড়ে দিয়ে কোচের চাকরি নিলেও গ্রান্ট চালিয়ে গেছেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছয় বছরের অনুপস্থিতি বড় বাধা হবে বলে মনে করেন না জিম্বাবুয়ের প্রধান নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেল। ফ্লাওয়ার নিজে অবশ্য বলছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপ একদমই অন্য রকম। এসেক্সে আমি দারুণ একটা মৌসুম কাটিয়েছি ঠিকই, নিজের সেরা ওয়ানডে ক্রিকেটও খেলছিলাম; তার পরও এও সত্যি, আন্তর্জাতিক ক্রিকেট এর চেয়েও এক ধাপ এগিয়ে।’২১৯ ওয়ানডেতে ৩৩.৬৯ গড়ে ৬৫৩৬ রান করা ফ্লাওয়ার সর্বশেষ ম্যাচটিতেও ৫৯ রান করেছিলেন। তাঁর বাঁহাতি স্পিনটাও ছিল সমান কার্যকর। দেখা যাক এই পড়ন্ত বেলায় এসে ফ্লাওয়ার আগের সেই ছাপটা রেখে যেতে পারেন কি না। ওয়েবসাইট।