ছয় বছর পেছনে ফিরে গেল বাংলাদেশ

২৬৬ রানের লক্ষ্যকে অনতিক্রম্য এক পর্বত বানিয়ে ফেলেছে বাংলাদেশের ব্যাটিং। টপ অর্ডারের সবাই ব্যর্থ হতে আজকের দিনকেই বেছে নিয়েছেন। তাতেই ভুলে যাওয়া এক স্মৃতি ফিরে এল বাংলাদেশের ক্রিকেটে। প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ২৫ রান। ২০১১ সালের পর প্রথম চার ব্যাটসম্যানের কাছ থেকে এত কম রান পায়নি বাংলাদেশ!
২০১১ সালের ৩ ডিসেম্বর দিনটিকে কখনো ভুলবেন না নাসির হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি সেদিনই পেয়েছেন এই অলরাউন্ডার। তবে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি ভুলে যেতে চাইবেন দলের টপ অর্ডাররা। চার ব্যাটসম্যান মিলে যে দলের স্কোরে মাত্র ১৮ রান যোগ করতে পেরেছিলেন! এরপর ওয়ানডেতে এমন দুঃসহ কোনো দৃশ্য দেখতে হয়নি বাংলাদেশকে। প্রথম চার ব্যাটসম্যানের সবাই এমনভাবে দল বেঁধে ব্যর্থও হননি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচের ভূতই যেন চড়ল ব্যাটসম্যানদের কাঁধে। শুরু হলো তামিম ইকবালকে দিয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য হাতে ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচেও তাঁর আউটেই শুরু হয়েছিল ধস; যার পূর্ণতা পেয়েছিল মুশফিকুর রহিমের আউটে। দুর্ভাগ্যজনকভাবে আজও মুশফিকই আউট হয়েছেন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে। তবে অ্যাডাম মিলনের বলে বোল্ড হওয়ার আগে অন্তত দুই অঙ্ক পেরিয়েছেন মুশফিক (১৪)। দুই ও তিনে নামা সৌম্য সরকার (৩) ও সাব্বির রহমান (৮) সেটাও করতে পারেননি। টিম সাউদির দুর্দান্ত বোলিং নিশ্চিত করেছে সে ব্যাপারটা। এতেই পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের স্মৃতিটা ফিরে এল আবার।
গত সাড়ে পাঁচ বছরে এমন বিপর্যয় শুধু দুবার দেখতে হয়েছে বাংলাদেশকে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাগিসো রাবাদার হ্যাটট্রিকের সামনে প্রথম চার ব্যাটসম্যান ২৭ রান করেছিলেন। বলা ভালো সৌম্য সরকার ও বাকি তিনজন। কারণ, সৌম্য একা ২৭ করলেও অন্য তিনজন শূন্য হাতেই ফিরেছিলেন। আর ২০১২ সালে ৭ ডিসেম্বর রাতে ওই ২৭ রান এসেছিল মুশফিকের ব্যাট থেকে। সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি তিন ব্যাটসম্যান করেছিলেন মাত্র ২ রান!
আজকের বিপর্যয়ের পর ওয়ানডেতে প্রথম চার ব্যাটসম্যানের ২৫ বা এর কম রান করার ২৭তম নজির গড়ল বাংলাদেশ। তবে সমর্থকদের জন্য স্বস্তি, অন্তত ১৯৮৮ সালের ২ নভেম্বরের মতো কিছু তো দেখতে হয়নি! শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সেই ম্যাচে বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান করেছিলেন ৫ রান!
তখন বাংলাদেশের ক্রিকেটের মাত্রই যাত্রা শুরু, এ-ও ভাবতে হবে। গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেট কতটা এগোল, তার একটা পরীক্ষা ছিল এবারের চ্যাম্পিয়নস ট্রফি। টপ অর্ডারের ব্যর্থতার দিনে হাল ধরেছেন সাকিব ও মাহমুদউল্লাহ।
এই জুটিই এখন ভরসা।