ছয় বছরের খরা কাটিয়ে উইন্ডিজের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইরন পোলার্ডের অসাধারণ ব্যাটিংয়ে দীর্ঘ ছয় বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি-বিঘ্নিত এই ম্যাচে ক্যারিবীয়দের জয় পাঁচ উইকেটে। ডোয়াইন ব্রাভোর সঙ্গে গড়া পোলার্ডের এক দুর্দান্ত জুটিই অস্ট্রেলিয়ার সংগ্রহকে ছাপিয়ে গড়ে দেয় ম্যাচের ভাগ্য। বৃষ্টির কারণে ৪০ ওভার পরই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এই সময়ে তাঁদের সংগ্রহ ছিল ৯ উইকেটে ১৫৪ রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৪০ ওভারে ১৫৮ রানের। ব্যাট হাতে মাঠে নেমে ক্যারিবীয়দের শুরুটা কিন্তু ছিল বেশ বিপর্যয়কর। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই ব্রেট লির বলে বিদায় নেন কিরেন পাওয়েল। একপর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। এমন একটি পরিস্থিতিতে পোলার্ড ৪৭ রানের এক ধৈর্যশীল ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের দিকে। তাঁকে যোগ্য সঙ্গ দেন ডোয়াইন ব্রাভো। তাঁর সংগ্রহ ছিল ৩০ রান। এর পাশাপাশি চার্লস ২৬, স্যামুয়েলস ২০ ও বাফ ১৮ রানের ছোট ছোট তিনটি ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে রাখেন দারুণ অবদান।এর আগে টসে হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অসিদের সূচনাটা কিন্তু একেবারেই ভালো হয়নি। দলীয় ১৯ রানে ফিরে যান দারুণ ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার। সেই ১৯ রানেই ফেরেন ফরেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম দুটি উইকেটই দখল করেন কেমার রোচ। ওয়ার্নারকে বোল্ড করার পর ড্যারেন স্যামির ক্যাচে ফরেস্টকে ফেরান রোচ। ৪৬ রানে স্যামির বলে বদলি ফিল্ডার বিশুর হাতে মিড উইকেটে ক্যাচ দেন ওয়াটসন। ৭৭ রানে নারাইনের বলে উইকেটরক্ষক বাফের হাতে ধরা পড়েন মাইক হাসি। চরম বিপর্যয়কর পরিস্থিতিতে ডেভিড হাসির ব্যাট থেকে বেরিয়ে আসে ৩৭ রান। বেইলি ২১ ও মাইক হাসি ২৪ রান করেন। এর আগে ওয়াটসনের ব্যাট থেকে এসেছিল ২৫ রান। ক্যারিবীয়দের মধ্যে সফলতম বোলার ছিলেন নারাইন। তিনি ৪ উইকেট নেন ২৭ রানের খরচায়। সূত্র: রয়টার্স, ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ১৫৪/৯ (৪০ ওভার)ডেভিড হাসি ৩৭, ওয়াটসন ২৫রোচ ২/২৩, নারাইন ৪/২৭ওয়েস্ট ইন্ডিজ ১৬৩/৫ (৩৮.২ ওভার) [ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৪০ ওভারে ১৫৮ রানের]পোলার্ড ৪৭, ব্রাভো ৩০, চার্লস ২৬ব্রেট লি ১/৩৭, ওয়াটসন ১/২৮, ডোহার্টি ১/৩৯(ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী)