ছয় মাসের জন্য নিষিদ্ধ ফেল্প্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলে ঝড় তোলা যার কাজ, সেই মাইকেল ফেল্প্স মদ্যপ অবস্থায় গাড়িতে গতির ঝড় তুলে সব ধরনের আন্তর্জাতিক সাঁতার থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন। আগামী বছরের ৬ মার্চ এ নিষেধাজ্ঞা শেষ হলেও ২০১৫-এর আগস্টে রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ফেলপ্স্ অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সাঁতার সংস্থা।
২০০৪ সালেও একবার ট্রাফিক আইন ভঙ্গ করে গ্রেপ্তার হয়েছিলেন। গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে ফেল্প্স আবারও মেরিল্যান্ডের বাল্টিমোরে গাড়ি চালান আইন ভঙ্গ করে। এবার গাড়ি চালাচ্ছিলেন নির্ধারিত গতিসীমার প্রায় দ্বিগুণ গতিতে। তাঁর অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করে পুলিশ ‘.১৪’ পায়, যা মেরিল্যান্ডের বিধিসম্মত মাত্রার প্রায় দ্বিগুণ। এ ঘটনার পর সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন ফেল্প্স। রোববার টুইটারে ফেল্প্স ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েক দিনের জন্য সাঁতার থেকে নিজেকে দূরে রাখবেন বলে জানান। তার এক দিন বাদেই এল এ নিষেধাজ্ঞার খবর।
অলিম্পিকে মোট ১৮টি সোনাসহ ২২টি পদক জিতে নিজেকে শ্রেষ্ঠত্বের অত্যুচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার পরই দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের এই সাঁতার কিংবদন্তি। তবে ২০ মাস পর গত এপ্রিলেই অবসর ভেঙে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক সাঁতারে নামেন। তাঁর সমর্থকেরা ভেবেছিলেন, রিও অলিম্পিকেও গতির ঝড় তুলবেন পুলের রাজা। কিন্তু সেটিকে তো এখন মনে হচ্ছে দুরাশা। এএফপি।