ছয় সদস্যের নির্বাচক কমিটি!
গত বছরের জুলাইয়ে প্রধান নির্বাচক হিসেবে ইকবাল কাশিমের মেয়াদ শেষ হলো। নির্বাচক কমিটি নিয়ে এর পর থেকেই টানাপোড়েনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে সেটার সমাপ্তি হলো চমক জাগানো এক সিদ্ধান্তে।
গত পরশু ঘোষিত নতুন নির্বাচক কমিটিতে চমকটা হলো, মঈন খানের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যসংখ্যা ছয়! পাকিস্তান ক্রিকেটে তো নয়ই, বিশ্বের কোনো ক্রিকেট বোর্ডেরই এত বড় নির্বাচক কমিটি করার ইতিহাস নেই। কমিটিতে মঈনের সঙ্গীরা হলেন সাবেক টেস্ট খেলোয়াড় সেলিম ইউসুফ, শোয়েব মোহাম্মদ, ইজাজ আহমেদ. ওয়াজাতউল্লাহ ওয়াস্তি ও মোহাম্মদ আকরাম।
ইকবাল কাসিমের মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম পূর্ণাঙ্গ নির্বাচক কমিটি পেল পাকিস্তানের ক্রিকেট। মাঝের ১০ মাসে শুধু নিয়োগ, বরখাস্ত আর প্রত্যাখ্যানের পর্বই চলেছে। মঈন খানকে যেমন গত জুলাইয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ইসলামাবাদ হাইকোর্টের এক রুলিংয়ে পিসিবির প্রধান নাজাম শেঠির ক্ষমতা খর্ব হয়ে পড়লে বাতিল হয়ে যায় মঈনের নিয়োগও। এরপর দৃশ্যপটে আসেন আমির সোহেল। গত জানুয়ারিতে আদালত জাকা আশরাফকে আবারও পিসিবির প্রধান হিসেবে বসালে তিনি প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেন সাবেক অধিনায়ক ও ওপেনার সোহেলকে। কিন্তু মাত্র এক মাস পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জাকা আশরাফকে পিসিবির প্রধানের পদ থেকে বরখাস্ত করেন। আর তাতে দায়িত্ব নেওয়ার আগেই চাকরি হারান সোহেলও।
জাকার পর আবারও পিসিবির দায়িত্ব নেন নাজাম শেঠি এবং এবার তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব দেন আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফকে। কিন্তু একসময় ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন, পিসিবি এমন সাবেক খেলোয়াড়দের বিভিন্ন পদে নিয়োগ দিতে পারে বলে গুঞ্জন উঠলে দায়িত্বটা শেষ পর্যন্ত নেননি লতিফ।
মোহাম্মদ আকরামকে নতুন নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করার আগে তাঁকে জাতীয় দলের বোলিং কোচের পদ থেকে সরিয়ে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা থেকেই দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে ওয়াকার ইউনিসকে আবার জাতীয় দলের কোচ হিসেবে দেখতে পাচ্ছেন অনেকে। ওয়াকার ইউনিস প্রধান কোচ হলে তো আর আলাদা করে বোলিং কোচের প্রয়োজন পড়ে না। পদটা বিলুপ্তের কারণ হয়তো এটাই। গত সপ্তাহে প্রধান কোচের সঙ্গে ফিল্ডিং, ব্যাটিং ও স্পিন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। আবেদন করার শেষ সময় ৫ মে। এএফপি।